রাঙামাটিতে নিয়োগে অনিয়মের প্রতিবাদে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটিতে কৃষি সম্প্রসারণ বিভাগের নিয়োগ পরীক্ষায় দুর্নীতি, অনিয়ম এবং স্বজনপ্রীতির অভিযোগ করেছেন অন্তত ৩০ জন প্রার্থী। নিয়োগ প্রক্রিয়া বাতিলের দাবিতে তাঁরা গতকাল বুধবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ কার্যালয়ের সামনে মানববন্ধন করেন।প্রার্থীরা অভিযোগ করেন, সম্প্রতি রাঙামাটি জেলা পরিষদের অধীনে কৃষি বিভাগের নিয়োগে অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতির পাশাপাশি বহিরাগতদের নিয়োগ দেওয়া হয়েছে। তাঁরা এ নিয়োগ বাতিল করে আবার নিয়োগ প্রক্রিয়া শুরু করার দাবি জানান। মানববন্ধন শেষে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সভায় প্রার্থীরা অভিযোগ করেন, এ দফায় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান নিখিল কুমার চাকমা ও কৃষি বিভাগের উপপরিচালক কাজল তালুকদারের স্বজনেরা চাকরি পেয়েছেন। এ নিয়োগ বাতিল করা না হলে অবস্থান ধর্মঘট, অনশন ও বিক্ষোভ সমাবেশ করা হবে।প্রতিবাদ সভায় বক্তব্য দেন নিক্সন চাকমা, দেবাশীষ রায়, রাসেল চাকমা, সৌমেন দাশ, রাজীব দাশ।স্বজনপ্রীতির অভিযোগ অস্বীকার করে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা বলেন, ‘কয়েকজন প্রার্থী আমার কাছে অভিযোগ করার পর নিয়োগ পাওয়া প্রার্থীরা বহিরাগত কি না এবং নিয়োগে কোনো অনিয়ম হয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক কাজল তালুকদার বলেন, ‘একটি নিয়োগ কমিটির মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। সে কমিটি যোগ্যতার ভিত্তিতে নিয়োগ দিয়েছে। সেখানে কার আত্মীয় চাকরি পেয়েছে, সেটা মুখ্য নয়।’সম্প্রতি পার্বত্য জেলা পরিষদের হস্তান্তরিত কৃষি বিভাগের নিয়োগে বিভিন্ন পদে ৬০ জনকে নিয়োগ দেওয়া হয়। ওই নিয়োগের ফলাফল প্রকাশ হওয়ার পর থেকেই পরীক্ষায় অংশ নেওয়া প্রার্থীরা জেলা পরিষদের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম, স্বজনপ্রীতি এবং বিভিন্ন কোটা সংরক্ষণ না করে বহিরাগতদের নিয়োগ দেওয়ার অভিযোগ করে আসছে। এ নিয়োগ বাতিলের দাবিতে এর আগে তাঁরা স্মারকলিপিও দেন।