দরপত্র নিয়ন্ত্রণ নিয়ে দলীয় কোন্দলের মুখে রাঙামাটি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. কামাল উদ্দিন পদত্যাগে বাধ্য হয়েছেন। পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ও দলের জেলা সভাপতি দীপংকর তালুকদার যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিনকে ভারপ্রাপ্ত সম ্পাদকের দায়িত্ব দিয়েছেন। দলীয় সূত্রে জানা গেছে, গত শনিবার সন্ধ্যায় তিনি মো. কামাল উদ্দিনকে নিজের বাসায় ডেকে পদত্যাগ করতে বলেন।জানতে চাইলে গতকাল রোববার প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার মুঠোফোনে প্রথম আলোকে বলেন, পদত্যাগপত্রের বিষয়ে আগামী ১৫ মে দলীয় সভায় চূড়ান্ত সিদ্ধান্ত হবে। জসিম উদ্দিন বলেন, ‘সংগঠনের নীতিমালা অনুযায়ী সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনের জন্য সভাপতি আমাকে নির্দেশ দিয়েছেন।’ জেলা আওয়ামী লীগের কয়েকজন জ্যেষ্ঠ নেতা জানিয়েছেন, দরপত্র নিয়ন্ত্রণ নিয়ে দলের মধ্যে বিভিন্ন দল-উপদল সৃষ্টি হচ্ছে। এতে কোন্দল বাড়ছে। আর এর জের ধরেই কামাল উদ্দিন পদত্যাগে বাধ্য হয়েছেন।জানা গেছে, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর রাঙামাটি জেলা পরিষদ, স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ, জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ, পৌরসভা, গণপূর্ত, সড়ক ও জনপথ বিভাগসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঠিকাদারি কাজ ভাগ-বাটোয়ারার জন্য জেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কয়েকজন প্রভাবশালী নেতার সমঝোতা হয়। প্রায় এক বছর দলীয় সমঝোতা বজায় থাকলেও সম্প্রতি বিভিন্ন দপ্তরের কাজ নিয়ে নেতাদের মধ্যে মনোমালিন্য দেখা দেয়। এ নিয়ে দলের মধ্যে কোন্দল শুরু হয়।ছাত্রলীগের কয়েকজন কর্মী জানান, সর্বশেষ গত বুধবার রাঙামাটি গণপূর্ত বিভাগে ১৫০ থেকে ২০০ ছাত্রলীগ-যুবলীগ কর্মীকে পাহারায় বসিয়ে পছন্দের ঠিকাদারি প্রতিষ্ঠানকে সাড়ে আট কোটি টাকার একটি কাজ পাইয়ে দেওয়ার চেষ্টা করে শহর আওয়ামী লীগ ও জেলা ছাত্রলীগের কয়েকজন নেতা। কিন্তু আরেকটি ঠিকাদারি প্রতিষ্ঠান কৌশলে দরপত্র জমা দিয়ে কাজটি পায়। ওই প্রতিষ্ঠানের কাজ পাওয়ার ব্যাপারে কামাল উদ্দিনসহ কয়েকজন নেতার বিরুদ্ধে প্রতিমন্ত্রী দীপংকর তালুকদারের কাছে অভিযোগ করেন ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা। এর আগে জেলার লংগদু উপজেলায় মাইনিমুখ বাজারে দেড় কোটি টাকার বিপণিবিতান তৈরির কাজ ছাত্রলীগের কয়েকজন নেতা পেলে কামাল উদ্দিন ক্ষিপ্ত হন। তিনি রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের একজন সহকারী প্রকৌশলীকে মারধরও করেন। এ বিষয়েও তাঁর বিরুদ্ধে দীপংকর তালুকদারের কাছে অভিযোগ করা হয়।অভিযোগ অস্বীকার করে পদত্যাগের বিষয়ে মো. কামাল উদ্দিন বলেন, ‘দলের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে বেশ কয়েক দিন চাপে ছিলাম। পরিবারের কাজেও মন দিতে পারছিলাম না। সে কারণে সভাপতির কাছে অব্যাহতি চেয়েছি।’