রাঙামাটিতে পর্যটক নেই, আয় কমেছে হোটেল-মোটেলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তিন সপ্তাহ ধরে পানিতে ডুবে আছে রাঙামাটির ঝুলন্ত সেতু। কাপ্তই জলবিদ্যুৎ​কেন্দ্রের পানি ছাড়ার কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে। ছবিটি গত সোমবার তোলা l সুপ্রিয় চাকমা
তিন সপ্তাহ ধরে পানিতে ডুবে আছে রাঙামাটির ঝুলন্ত সেতু। কাপ্তই জলবিদ্যুৎ​কেন্দ্রের পানি ছাড়ার কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে। ছবিটি গত সোমবার তোলা l সুপ্রিয় চাকমা

গত জুলাই মাসের শুরু থেকেই আবহাওয়া বৈরী। কয়েক দিন পরপর বৃষ্টি, যার প্রভাব পড়েছে রাঙামাটির পর্যটন ব্যবসায়। হোটেল-মোটেলে কমে গেছে আয়। এদিকে রাঙামাটি ঝুলন্ত সেতু তিন সপ্তাহ ধরে পানির নিচে। কাপ্তাই জলবিদ্যুৎকেন্দ্রের পানি ছাড়ার পর থেকে এই অবস্থা চলছে।
বাংলাদেশ পর্যটন করপোরেশন সূত্র জানায়, করপোরেশনের প্রতিষ্ঠান রাঙামাটি হলিডে কমপ্লেক্সে প্রতিদিন আয় কমেছে ৭০ হাজার টাকা। পর্যটক কমে গেছে ৭০ শতাংশের বেশি।
গত সোমবার রাঙামাটি হলিডে কমপ্লেক্স ঘুরে দেখা গেছে, পর্যটকের আনাগোনা কম, রয়েছেন হাতে গোনা কয়েকজন। ঝুলন্ত সেতু ডুবে আছে প্রায় দুই ফুট পানির নিচে। সেখানে লোকজনের ওঠানামা বন্ধ করতে দেওয়া হয়েছে গাছের ঝোপ।
হলিডে কমপ্লেক্সের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা বলেন, টানা বৃষ্টি ও ঝুলন্ত সেতু ডুবে যাওয়ায় কমপ্লেক্সের আয় কমে গেছে দিনে ৭০ হাজার টাকার মতো। ঝুলন্ত সেতু খোলা থাকলে প্রতিদিন গড়ে ২০ থেকে ২৫ হাজার এবং কক্ষ ভাড়া থেকে আয় হয় ৫০ থেকে ৬০ হাজার টাকা।
বর্তমানে কমপ্লেক্সের ৮৫টি কক্ষের মধ্যে মাত্র ৮–১০টি কক্ষ ভাড়া থাকে। স্বাভাবিক অবস্থায় কক্ষ ভাড়া থাকে ৫০ থেকে ৬০টি।
হলিডে কমপ্লেক্সের কয়েকজন কর্মচারী জানান, জুলাই মাসের শেষ দিকে টানা বৃষ্টিতে কাপ্তাই হ্রদের পানি বেড়ে ঝুলন্ত সেতুটি ডুবে যায়। তখন থেকে পর্যটক আসা কমে গেছে। এখন তাঁদের অলস বসে থাকতে হয়।
হোটেলের মালিকেরা জানান, শহরের হোটেল-মোটেল আয় অর্ধেকের বেশি কমে গেছে। পর্যটক না থাকায় প্রায় সময় দিনে একটি কক্ষও ভাড়া হচ্ছে না।
এ ছাড়া খাবার দোকানগুলোতেও কমে গেছে বিক্রি। এ অবস্থা চলতে থাকলে অনেক হোটেল বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হবে।
রাঙামাটি হোটেল মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মো. নেছার আহমেদ খান জানান, অতিবৃষ্টি ও রাস্তাঘাট খারাপ হয়ে পড়ায় পর্যটকের সংখ্যা কমে গেছে। ফলে হোটেলের মালিকদের লোকসান গুনতে হচ্ছে।
নেছার আহমেদ আরও জানান, বেসরকারি ৪০ থেকে ৪২টি হোটেলে দৈনিক ক্ষতি হচ্ছে সাত থেকে আট লাখ টাকা। গত দুই মাসে পর্যটক কমে গেছে প্রায় ৭০ শতাংশ।