রাঙামাটিতে পর্যটক বাড়ছে বাড়েনি অবকাঠামো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর রাঙামাটিতে পর্যটকের সংখ্যা বাড়লেও পর্যটন অবকাঠামো ও বিনোদনের সুযোগসুবিধা বাড়ছে না। পরিকল্পনা মন্ত্রণালয়সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটি গত বছরের ডিসেম্বর মাসে তিন পার্বত্য জেলা ও কক্সবাজার নিয়ে পর্যটনসুবিধা বাড়ানোর পরিকল্পনার কথা ঘোষণা করেছিল। পরে তা বাস্তবায়নের কোনো উদ্যোগ দেখা যায়নি।পর্যটনশিল্পের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, রাঙামাটিতে প্রতিবছর ব্যাপক হারে দেশি-বিদেশি পর্যটকের সংখ্যা বাড়ছে। সে তুলনায় সুযোগসুবিধা বাড়ছে না। গত ১০ থেকে ১৫ বছরে বাংলাদেশ পর্যটন করপোরেশনের রাঙামাটি কেন্দ্রে মাত্র দুটি কটেজ নির্মিত হয়েছে। বেসরকারি উদ্যোগে ভালো কোনো আবাসিক হোটেল তৈরি হয়নি। উদ্যোক্তারা এ জন্য সরকারি পৃষ্ঠপোষকতা না থাকাকে দায়ী করেছেন।স্থানীয় বেসরকারি পর্যটনকেন্দ্র পেদা টিং টিংয়ের পরিচালক গৌতম দেওয়ান জানান, রাঙামাটির পর্যটন এখনো প্রাকৃতিক সৌন্দর্যনির্ভর। ব্যাপক সম্ভাবনা থাকা সত্ত্বেও এখানে গড়ে ওঠেনি চিত্তবিনোদনের ব্যবস্থা। জলবায়ু পরিবর্তন, স্থানীয় মানুষের অসচেতনতা ও সরকারি পৃষ্ঠপোষকতার অভাবে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য হারিয়ে যাচ্ছে বলে মনে করেন গৌতম দেওয়ান।বাংলাদেশ পর্যটন করপোরেশনের রাঙামাটি কেন্দ্রের নির্বাহী পরিচালক অলোক বিকাশ চাকমা জানান, পর্যটন করপোরেশনের রাঙামাটি কেন্দ্র গত ২০০৭-০৮ অর্থবছরে এক কোটি ৩৭ লাখ টাকা, ২০০৮-০৯ অর্থবছরে এক কোটি ৫১ লাখ টাকা এবং ২০০৯-১০ অর্থবছরে এক কোটি ৬০ লাখ টাকা আয় করেছে। অবকাঠামোগত সুবিধার অভাবে অনেক পর্যটকের চাহিদা সঠিকভাবে পূরণ করা সম্ভব হয় না বলে জানান তিনি। বর্তমানে রাঙামাটিতে একটি তিন তারকা হোটেল নির্মাণাধীন রয়েছে উল্লেখ করে অলোক বিকাশ চাকমা জানান, এটি নির্মিত হলে পর্যটকেরা কিছুটা সুবিধা পাবেন।রাঙামাটির জেলা প্রশাসক সৌরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, পর্যটনশিল্পের উন্নয়নের পরিকল্পনা প্রক্রিয়াধীন রয়েছে। এ ছাড়া আরও কিছু কাজ শুরু হবে বলে জানান তিনি।