রাঙামাটিতে পর্যটকের উপচে পড়া ভিড়
তিন দিনের ছুটিতে পর্যটকের পদচারণে মুখর হয়ে উঠেছে রাঙামাটি শহর। বড়দিন উপলক্ষে ২৫ ডিসেম্বর সরকারি ছুটি। গতকাল শুক্রবার ও আজ শনিবার সাপ্তাহিক ছুটি। ছুটি কাটাতে মানুষের ঢল নেমেছে রাঙামাটির কাপ্তাই হ্রদসহ বিভিন্ন পর্যটন স্পটে। একই অবস্থা রাঙামাটির বাঘাইছড়ির সাজেকের রুইলুই পর্যটনকেন্দ্রেও।
রুইলুই পর্যটনকেন্দ্রে ২৪টি কটেজ, ১৫টি রিসোর্ট ও ১৩টি আবাসিক হোটেল রয়েছে। এসব রিসোর্ট, কটেজ ও আবাসিক হোটেল আগে থেকে ভাড়া হয়ে যাওয়ায় অনেক পর্যটক স্থানীয় বাসিন্দাদের ঘরবাড়ি ও পর্যটনকেন্দ্রের আশপাশের জুমের টংঘরে রাত কাটাচ্ছেন। রাঙামাটি শহরে দুই শতাধিক আবাসিক হোটেল রয়েছে। ৫০টিরও বেশি সরকারি-বেসরকারি বিশ্রামাগার রয়েছে। এ ছাড়া রাঙামাটি পর্যটন কমপ্লেক্সে দুটি মোটেল ও ছয়টি কটেজ রয়েছে। এসব আবাসিক হোটেল, বিশ্রামাগার ও কটেজে ২৫ ডিসেম্বর পর্যন্ত কোনো কক্ষ খালি নেই বলে জানান পর্যটন কমপ্লেক্সের ব্যবস্থাপক অলক বিকাশ চাকমা।
রুইলুই পর্যটনকেন্দ্রের আলো রিসোর্টের তত্ত্বাবধায়ক ইন্দ্র চাকমা বলেন, বৃহস্পতিবার থেকে মানুষের ঢল নেমেছে। রিসোর্ট, কটেজ ও আবাসিক হোটেল না পাওয়ায় শত শত পর্যটক জুমের টংঘরে থাকছেন। থাকার জায়গা না পেয়ে অনেক পর্যটক বাধ্য হয়ে চলে যাচ্ছেন।
রুইলুই পর্যটনকেন্দ্রের কটেজ-রিসোর্ট মালিক সমিতির সভাপতি সুবর্ণদেব বর্মণ প্রথম আলোকে বলেন, রুইলুই পর্যটনকেন্দ্রে ৩৯ রিসোর্ট-কটেজ ও ১৩টি আবাসিক হোটেলের সব কক্ষে এখন পর্যটকেরা অবস্থান করছেন।
পর্যটন নৌযান ঘাট মালিক সমিতির ব্যবস্থাপক মো. রমজান আলী বলেন, ‘আমাদের ছোট-বড় দুই শতাধিক নৌযান (ট্রলার) রয়েছে। আজ শুক্রবার (গতকাল) সব ভাড়া হয়ে গেছে। শত শত পর্যটককে ট্রলার ভাড়া দিতে পারিনি।’