রাঙামাটিতে পর্যটকের ঢল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বছরের প্রথম দুই দিন সরকারি ছুটি হওয়ায় রাঙামাটিতে পর্যটকের ঢল নেমেছে। হোটেল, মোটেল, সরকারি বিশ্রামাগার—কোথাও জায়গা খালি পাওয়া যাচ্ছে না। সে কারণে অনেককে সকালে এসে সন্ধ্যায় চলে যেতে হচ্ছে।পর্যটকদের সঙ্গে কথা বলে জানা গেছে, বছরের প্রথম দিনটি বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন ও পরিবারের লোকজনের সঙ্গে কাটাতে তাঁরা রাঙামাটি ছুটে এসেছেন। পরিচিত ব্যক্তিদের সঙ্গে নববর্ষ উদ্যাপনের জন্য অনেকে আনন্দ ভ্রমণ ও বনভোজনের আয়োজন করেছেন রাঙামাটিতে।শুক্রবার সকাল থেকে বাস, মাইক্রোবাস, কার এবং চট্টগ্রাম-রাঙামাটি রুটে চলাচলকারী বিভিন্ন যানবাহনে দলে দলে পর্যটক রাঙামাটি আসেন। দুপুরে সরেজমিনে দেখা গেছে, রাঙামাটির পর্যটন করপোরেশন এলাকা লোকে-লোকারণ্য। যানবাহন রাখারও জায়গা নেই। করপোরেশন এলাকার বিভিন্ন স্থানে লোকজন রান্নাবান্না করছে। অনেকে ঝুলন্ত সেতুর কাছে জলযান ঘাটে গিয়ে ইঞ্জিন চালিত দেশীয় নৌকা বা ফাইবার বোটে সুবলং, পেদা টিং টিং অথবা বালুখালী এলাকায় আসা-যাওয়া করছে। রাঙামাটি পর্যটন করপোরেশনের ব্যবস্থাপক জাকির হোসেন সিকদার জানান, বর্তমানে পর্যটন মৌসুম চলছে। আর শুক্রবার নববর্ষ এবং সরকারি ছুটি হওয়ায় দেশীয় পর্যটকদের ঢল নেমেছে। বেশ কয়েক দিন আগে থেকে পর্যটনের সব কক্ষ, ট্রাইবাল হানিমুন কটেজ এবং মোটেলগুলো ভাড়া হয়ে আছে। অনেকে প্রতিদিন ফোন করছে কক্ষ বা কটেজ অগ্রিম বুকিংয়ের জন্য। আবার অনেকে সরাসরি এসে কক্ষ ভাড়া চায়।রাঙামাটির অভিজাত হোটেল গ্রিন ক্যাসেলের ব্যবস্থাপক মো. তৈয়ুব জানান, কয়েক দিন আগে থেকে শুক্রবার এবং শনিবারের জন্য সব কক্ষ ভাড়া হয়ে আছে। এখনো লোকজন আসছে। কুমিল্লার কান্দিরপাড় থেকে স্ত্রীকে নিয়ে বেড়াতে এসেছেন তরুণ ব্যবসায়ী শওকত হোসেন। তিনি জানান, তাঁদের ইচ্ছা ছিল শুক্রবার রাত যাপন করে শনিবার দুপুরে চট্টগ্রামে গিয়ে থাকবেন। কিন্তু হোটেলে কক্ষ ভাড়া না পাওয়ায় ফিরতে হচ্ছে।চট্টগ্রামের বিভিন্ন কলেজে অধ্যয়নরত ১০ থেকে ১২ জন ছাত্র দল বেঁধে ঘুরছিলেন পর্যটন সড়কে। তাঁদেরও এই কথা একটু সস্তায় হোটেলে কক্ষ ভাড়া চেয়ে পাননি। তাই তাঁদের বাড়িতে ফিরতে হবে। অথচ তাঁদের খুবই আগ্রহ ছিল পর্যটনের ঝুলন্ত সেতুতে বসে চাঁদ দেখার।