রাঙামাটিতে পার্বত্য চলচ্চিত্র উৎসব শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটিতে গতকাল শুক্রবার থেকে তিন দিনব্যাপী পার্বত্য চলচ্চিত্র উৎসব শুরু হয়েছে। বিকেলে শহরের ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটের হলরুমে উৎসবের উদ্বোধন করেন চাকমা সার্কেলপ্রধান রাজা দেবাশীষ রায়।
অনুষ্ঠানে রাজা দেবাশীষ রায় বলেন, সংস্কৃতি শুধু বিনোদন দেয় না, সমাজ পরিবর্তনেরও বড় মাধ্যম হিসেবে কাজ করে। তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন ভাষাভাষীর মানুষের ভাষা অন্য ভাষার সঙ্গে মিশে যাচ্ছে। পাহাড়িদের খাদ্যাভ্যাসও বদলে যাচ্ছে। এসব রোধ করতে নিজস্ব সংস্কৃতিকে চলচ্চিত্রের মাধ্যমে তুলে ধরার আহ্বান জানান তিনি।
হিজেক ফেলিম (চিৎকার ফ্লিম) নামের একটি সংগঠন এ উৎসবের আয়োজন করে। সংগঠনের সভাপতি এডিট দেওয়ানের সভাপতিত্বে উৎসবে আরও বক্তব্য দেন ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটের পরিচালক রুনেল চাকমা, এম এন লারমা মেমোরিয়াল ফাউন্ডেশনের সভাপতি বিজয় কেতন চাকমা, চলচ্চিত্র পরিচালক অং রাখাইন ও জুম ইসথেটিকস কাউন্সিলের সভাপতি শিশির চাকমা প্রমুখ।
উৎসবে প্রথম দিনে আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত ‘মরটেং গাড়ি’ নাটকের পরিচালক অং রাখাইনকে সম্মাননা দেওয়া হয়।
এম এন লারমা মেমোরিয়াল ফাউন্ডেশনের সভাপতি বিজয় কেতন চাকমা বলেন, সাংস্কৃতিক যুদ্ধ হচ্ছে সবচেয়ে বড় যুদ্ধ। বাঁচার জন্য, নিজের বিকাশ ও নিজেকে রক্ষা করা জন্য সংস্কৃতি প্রয়োজন। নাটক ও ছবিতে মানবেন্দ্র নারায়ণ লারমাসহ পার্বত্য অঞ্চলের গুণীজনদের ত্যাগ, গুণাবলি তুলে ধরার জন্য নির্মাতাদের প্রতি অনুরোধ করেন তিনি।
চলচ্চিত্র পরিচালক অং রাখাইন বলেন, পার্বত্য চট্টগ্রামের চলচ্চিত্র এখন আর বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ নেই। আন্তর্জাতিকভাবে এখানকার নির্মাতারা পরিচিতি অর্জন করেছেন। তবে কাজ করতে গেলে অনেক বাধা আসে, মনস্থির করে কাজ করলে লক্ষ্যে পৌঁছানো সম্ভব।
হিজেক ফেলিম সংগঠনের সভাপতি ও পার্বত্য চলচ্চিত্র উৎসব উদ্যাপন কমিটির সভাপতি অডিট দেওয়ান বলেন, মূলত পার্বত্য চট্টগ্রামে যাঁরা নাটক ও ছবি তৈরি করেন, তাঁদের উৎসাহিত করার জন্য এ আয়োজন।