রাঙামাটিতে পার্বত্য বইমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটিতে প্রথমবারের মতো পার্বত্য বইমেলার আয়োজন করা হয়েছে। রাঙামাটি শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে গতকাল শুক্রবার বিকেল থেকে শুরু হয়েছে এই মেলা। বাংলাদেশ আদিবাসী ফোরাম পার্বত্য অঞ্চল ও আদিবাসী লেখক ফোরাম তিন দিনব্যাপী এই মেলার আয়োজন করেছে।
বইমেলায় ১০টি স্টল রয়েছে। ১২ ফেব্রুয়ারি পর্যন্ত এ মেলা চলবে।
বইমেলার উদ্বোধন উপলক্ষে রাঙামাটি শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন বাংলাদেশ আদিবাসী ফোরাম চট্টগ্রাম অঞ্চলের সভাপতি প্রকৃতি রঞ্জন চাকমা, এম এন লারমা মেমোরিয়াল ফাউন্ডেশনের সভাপতি বিজয় কেতন চাকমা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক আনন্দ বিকাশ চাকমা, রাঙামাটি সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আলো রানী আইচ, রাঙামাটি চাকমা ভাষা গবেষণা ও প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ শান্তি চাকমা, রাঙামাটি চারুকলা ইনষ্টিটিউডের প্রতিষ্ঠাতা রতি কান্ত তঞ্চঙ্গ্যা, কবি অজিত কুমার তঞ্চঙ্গ্যা, বাংলাদেশ আদিবাসী ফোরাম চট্টগ্রাম অঞ্চলের সাধারণ সম্পাদক ইন্টুমুনি চাকমা, এ টি এম কামাল উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পার্বত্য বইমেলা আয়োজন কমিটির সভাপতি ইন্দ্রদত্ত তালুকদার।
আলোচনা শেষে রাঙামাটির চাকমা ভাষা গবেষণা ও প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রশিক্ষণপ্রাপ্ত ২০৬ জন শিক্ষার্থীর মধ্যে সনদ বিতরণ করা হয়। এ ছাড়া ছিল কবিতাপাঠ, ভাষা প্রতিযোগিতাসহ সাংস্কৃতিক অনুষ্ঠান।
উদ্বোধনের পরই মেলায় ভিড় জমান শিক্ষার্থীরা। রাঙামাটি সরকারি কলেজের দ্বিতীয় বর্ষে ছাত্র নিকেল চাকমা বলেন, পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন সম্প্রদায়ের ঐতিহ্য ও প্রথাগত বিষয়ে তাঁর জানার আগ্রহ রয়েছে। সে ধরনের বই মেলায় খুঁজতে এসেছেন তিনি।