রাঙামাটিতে পার্বত্য সাংস্কৃতিক উৎসব শুরু
পার্বত্য সাংস্কৃতিক উৎসব ও মেলা ২০১৫ শুরু হয়েছে রাঙামাটিতে। আদিবাসীদের বর্ষবরণ ও বিদায়ের প্রধান সামাজিক উৎসব বিঝু, সাংগ্রাই, বৈসুক ও বিহু উপলক্ষে গতকাল শনিবার থেকে রাঙামাটি সাংস্কৃতিক ইনস্টিটিউট প্রাঙ্গণে এ মেলা শুরু হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি থেকে নির্বাচিত সাংসদ ঊষাতন তালুকদার। তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামের মানুষ অস্থিতিশীল পরিবেশে অনিশ্চিত জীবন যাপন করছে। এ পরিবেশ না থাকলে উৎসব আরও আনন্দঘন ও জাঁকজমকভাবে পালিত হতে পারত।
বিশেষ অতিথির বক্তব্যে রাঙামাটি জেলা প্রশাসক মো. সামসুল আরেফিন বলেন, পার্বত্য চট্টগ্রামের ঐতিহ্যবাহী এ উৎসব বাংলাদেশের সাংস্কৃতিক বৈচিত্রে৵র ধারক। এ উৎসবের মাধ্যমে সম্প্রীতি গড়ে ওঠে।
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান বৃষকেতু চাকমার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সাংস্কৃতিক ইনস্টিটিউটটের ভারপ্রাপ্ত পরিচালক রনেল চাকমা।
এর আগে বিকেল সাড়ে চারটায় ঐতিহ্যবাহী বাদ্যের তালে শতাধিক শিশুশিল্পীর নৃত্য পরিবেশনের মাধ্যমে ফিতা কেটে উৎসবের উদ্বোধন করা হয়। উৎসবে বিভিন্ন আদিবাসী সম্প্রাদায়ের ঐতিহ্যবাহী পোশাক, অলংকার, বাঁশ ও বেতের আসবাব বিক্রি ও প্রদর্শন, পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন সম্প্রদায়ের কোমর তাঁত বুনন প্রদর্শন, ইতিহাস, সংস্কৃতি, পরিবেশবিষয়ক চিত্রপ্রদর্শনী এবং নাটক ও সাংস্কৃতিক নানা আয়োজন থাকছে।