রাঙামাটিতে পাহাড়ধসে ঝুঁকিতে সড়ক, ভবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাহাড়ধসের কারণে চট্টগ্রাম-রাঙামাটি সড়কের কিছু অংশ ভেঙে গেছে। রাঙামাটি শহরের পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড-সংলগ্ন সড়ক থেকে গতকাল দুপুরে তোলা l ছবি: প্রথম আলো
পাহাড়ধসের কারণে চট্টগ্রাম-রাঙামাটি সড়কের কিছু অংশ ভেঙে গেছে। রাঙামাটি শহরের পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড-সংলগ্ন সড়ক থেকে গতকাল দুপুরে তোলা l ছবি: প্রথম আলো

টানা বৃষ্টিতে পাহাড়ধসে চট্টগ্রাম-রাঙামাটি সড়ক ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের প্রধান কার্যালয় ভবন ঝুঁকিতে পড়েছে। রাঙামাটি সড়ক ও জনপথ (সওজ) বিভাগের উপসহকারী প্রকৌশলী মো. আবু মুছা বলেন, সড়ক সংস্কারে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়া প্রয়োজন। সড়কটি সম্পূর্ণ ভেঙে গেলে বিরাট ক্ষতি হবে।
সওজ সূত্র জানায়, গত জুলাই মাসের শেষ দিকে টানা বৃষ্টিতে শহরের পুলিশ সুপার কার্যালয় ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের প্রধান কার্যালয়ের মাঝামাঝি ৫০০ গজ এলাকার মধ্যে চট্টগ্রাম-রাঙামাটি সড়কের দুটি স্থানে ফাটল দেখা
দেয়। ঝুঁকি এড়াতে ভারী যানবাহন চলাচল বন্ধ করা ছাড়া সড়কটি রক্ষার তেমন উদ্যোগ নেওয়া হয়নি। গত মঙ্গলবার সকাল থেকে গতকাল বুধবার দুপুর পর্যন্ত টানা বৃষ্টিতে সড়কটির পশ্চিম পাশের পাহাড় ধসে পড়ে।
সরেজমিনে দেখা গেছে, প্রায় ১৫০ থেকে ২০০ ফুট উচ্চতার পাহাড়ের একটি অংশ ধসের কারণে চট্টগ্রাম-রাঙামাটি সড়কের মূল অংশ পর্যন্ত ভাঙন সৃষ্টি হয়েছে। সড়কের মূল অংশ এবং পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের প্রধান কার্যালয় ভবনের উত্তর অংশের মাটিতেও ছোট ছোট ফাটল দেখা গেছে।
জানতে চাইলে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান তরুণ কুমার ভট্টাচার্য বলেন, ‘পাহাড়ধসের কারণে উন্নয়ন বোর্ড কার্যালয় ঝুঁকিতে পড়েছে। এখন সড়কটি ভেঙে গেলে উন্নয়ন বোর্ড ভবন অক্ষত রাখা সম্ভব না-ও হতে পারে। আমরা জেলা প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়ে চিঠি পাঠাচ্ছি।’
রাঙামাটি জেলা প্রশাসক মো. সামসুল আরেফিন বলেন, সড়কটি আপাতত ভাঙন থেকে রক্ষা করতে ইসিবিকে অনুরোধ জানানো হয়েছে।