রাঙামাটিতে পাহাড়ি নারীকে ধর্ষণের অভিযোগে মামলা
রাঙামাটির কাপ্তাই হ্রদে ইঞ্জিনচালিত একটি নৌকার ভেতরে এক পাহাড়ি নারীকে (৩৫) ধর্ষণ করার অভিযোগে মামলা হয়েছে। গত মঙ্গলবার রাতে ওই নারী ধর্ষণের অভিযোগে রাঙামাটির কোতোয়ালি থানায় দুজনকে আসামি করে মামলা করেন। আসামিদের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর নাম মো. নজরুল ইসলাম। তিনি ওই নৌকার চালক।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ছেলের চিকিৎসার জন্য গত সোমবার দুপুরে বরকল উপজেলা থেকে ওই নারী রাঙামাটি শহরে আসেন। সেখান থেকে চট্টগ্রামে যাওয়ার জন্য রিজার্ভ বাজারের একটি বাস কাউন্টারে যান। কাউন্টারের সামনে নিপু ত্রিপুরা নামের এক যুবকের সঙ্গে তাঁর পরিচয় হয়। ওই যুবক নিজেকে জনসংহতি সমিতির স্থানীয় নেতা পরিচয় দেন এবং বিভিন্ন প্রশ্ন করেন। একপর্যায়ে ওই নারীকে সমিতির কার্যালয় বালুখালী এলাকায় যাওয়ার জন্য চাপ দেন তিনি। পরে তাঁকে জোর করে রিজার্ভ বাজারের লঞ্চঘাটে নিয়ে যাওয়া হয়। সেখানে একটি ইঞ্জিনচালিত নৌকায় তোলা হয় তাঁকে। পরে নৌকাটি কাপ্তাই হ্রদের নির্জন এলাকায় চলে যায়। একপর্যায়ে নৌকাচালক নজরুল ইসলাম ও নিপু ত্রিপুরা তাঁকে ধর্ষণ করেন। তাঁর কাছে থাকা ১২ হাজার টাকাও হাতিয়ে নেন তাঁরা। পরে রিজার্ভ বাজার লঞ্চঘাটে আবার তাঁকে নামিয়ে দেওয়া হয়। ধর্ষণের ঘটনা কাউকে না জানাতেও হুমকি দেন তাঁরা।
এ বিষয়ে জনসংহতি সমিতির সহতথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমা বলেন, নিপু ত্রিপুরা নামে তাঁদের কোনো কর্মী নেই। জনসংহতি সমিতি সব সময় নারী নির্যাতন ও ধর্ষণের মতো অপরাধের বিরুদ্ধে সোচ্চার।
কোতোয়ালি থানার এসআই লিমন বোস বলেন, ধর্ষণ মামলার এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যজন পলাতক রয়েছেন। ওই নারীকে শহরের ভিকটিম সাপোর্ট সেন্টারে রাখা হয়েছে।