রাঙামাটিতে পাড়াপ্রধানকে অপহরণের পর হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির বিলাইছড়িতে গতকাল রোববার একদল সশস্ত্র সন্ত্রাসী ননী তঞ্চঙ্গ্যা (৪৭) নামের এক পাড়াপ্রধানকে অপহরণের পর হত্যা্রকরেছে। নিহত ব্যক্তি বিলাইছড়ি উপজেলার সাক্রাছড়িমুখপাড়ার প্রধান বলে জানা গেছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।বিলাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবপ্রিয় দাস নিহত ব্যক্তির পরিবারের উদ্ধৃতি দিয়ে বলেন, গতকাল সকাল ১০টার দিকে একদল মুখোশধারী সশস্ত্র সন্ত্রাসী সাক্রাছড়িমুখপাড়ায় গিয়ে ননী তঞ্চঙ্গ্যার খোঁজ করে। পরে তাঁকে বাড়িতে পেয়ে অস্ত্রের মুখে অপহরণ করে। সন্ত্রাসীরা তাঁকে সাক্রাছড়ি ও তিনকুনিয়ার মধ্যবর্তী স্থানে নিয়ে গিয়ে গুলি করে হত্যা করে। পরে স্থানীয় এলাকাবাসী সেখানে গিয়ে তাঁর লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ দুপুরে ঘটনাস্থলে গিয়ে বিকেল চারটার দিকে লাশ উদ্ধার করে।ওসি দেবপ্রিয় দাস জানান, ঘটনার ব্যাপারে নিহত ব্যক্তির শ্যালক একটি হত্যা মামলা করেছেন। লাশ আজ সোমবার ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হবে। ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) রাঙামাটি জেলা ইউনিটের সংগঠক অলকেশ চাকমা ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে দোষীদের গ্রেপ্তারের দাবি করেছেন।