রাঙামাটিতে প্রকল্প পরিদর্শনে ইউএনডিপির সমন্বয়কারী
জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) আর্থিক সহায়তায় পরিচালিত বিভিন্ন প্রকল্প পরিদর্শন করতে গত সোমবার থেকে পার্বত্য চট্টগ্রামে চার দিনের সফর করছেন ইউএনডিপি ও জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী রবার্ট ওয়াটকিন্স।
সফরের দ্বিতীয় দিনে গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় রাঙামাটি শহর থেকে নৌপথে ২০ কিলোমিটার দূরে সাগুপাড়ায় পৌঁছান ওয়াটকিন্স। এ সময় তাঁকে স্থানীয় লোকজন স্বাগত জানান। বৃষ্টিভেজা কাদামাটি মাড়িয়ে পাড়ার কিছু অংশ ঘুরে পাড়াবাসীর গঠিত ‘ধানের ব্যাংক’ পরিদর্শন করেন তিনি। তাঁকে জানানো হয়, এই ব্যাংক তৈরির মাধ্যমে পাড়ার দরিদ্র পরিবারগুলোর খাদ্য-সমস্যা দূর করা হয়েছে। পাশাপাশি পাড়া উন্নয়ন কমিটির (পিডিসি) আর্থিক লাভও হচ্ছে। পরে এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করেন রবার্ট ওয়াটকিন্স। এ সময় তাঁর স্ত্রী মার্থা ইসাবেল এলভারাদো ওয়াটকিন্সকে পাড়ার নারীদের তৈরি কোমর তাঁতের ‘হাদি’ (ওড়না) উপহার দেওয়া হয়।
মতবিনিময়ের সময় উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন সহায়তা প্রকল্পের (সিএইচটিডিএফ) প্রধান প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রবার্ট স্টলমেন, উপ-প্রকল্প পরিচালক প্রসেনজিৎ চাকমা, জনগোষ্ঠীর ক্ষমতায়ন প্রকল্পের (সিইপি) প্রধান বিপ্লব চাকমা ও সিএইচটিডিএফের জেলা ব্যবস্থাপক ঐশ্বর্য চাকমা।