রাঙামাটিতে প্রথমার বইমেলা উদ্বোধন
প্রথমা প্রকাশন সৃজনশীল বই প্রকাশ ও পাঠাভ্যাসের যে প্রচেষ্টা চালাচ্ছে তা প্রশংসনীয়। তরুণদের বই পড়ায় উৎসাহিত করতে না পারলে জ্ঞানার্জন সীমাবদ্ধ হয়ে পড়বে। গতকাল সোমবার বিকেলে প্রথমা প্রকাশনের রাঙামাটি বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেন।
রাঙামাটি শহরের কালিন্দীপুর এলাকার নিউমার্কেটে আশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র মিলনায়তনে এ মেলা শুরু হয়েছে। মেলা আগামী শনিবার পর্যন্ত চলবে।
উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি রাঙামাটির জেলা প্রশাসক মো. সামসুল আরেফিন বলেন, এখনকার তরুণেরা ইলেকট্রনিক ডিভাইসের প্রতি আকৃষ্ট হয়ে পড়েছে। কিন্তু ইলেকট্রনিক মাধ্যমে বই পড়ার চেয়ে কাগজে ছাপা বই পড়ার অনুভূতি অন্য রকম। রাঙামাটি শহরে বইমেলা আয়োজনের উদ্যোগ নেওয়া সত্যিই প্রশংসনীয়।
বইমেলা উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য নিরূপা দেওয়ান বলেন, বই মানুষকে পরিপূর্ণ মানুষে পরিণত করে। তরুণসমাজকে বই পড়ার আহ্বান জানিয়ে তিনি এ কথা বলেন।
রাঙামাটির জ্যেষ্ঠ সাংবাদিক সুনীল কান্তি দে বলেন, জাতীয় বীরদের জীবন এবং দেশের গৌরবময় ইতিহাস জানতে হলে বই পড়তে হবে। তরুণসমাজ বই পড়তে আগ্রহী না হলে দেশ মেধাশূন্য হয়ে পড়বে।
রাঙামাটি পৌরসভার কাউন্সিলর কালায়ন চাকমা বলেন, তরুণসমাজকে সঠিক পথে পরিচালিত করতে বইয়ের বিকল্প নেই।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রথমা প্রকাশনের ব্যবস্থাপক মো. জহির উদ্দিন, প্রথম আলো রাঙামাটি বন্ধুসভার সভাপতি উচা চিং মারমা।