রাঙামাটিতে প্রথমার বইমেলা শুরু
রাঙামাটি শহরের রাজবাড়ি এলাকার আউটার স্টেডিয়ামের আশিকা মানবিক উন্নয়নকেন্দ্রের হলরুমে গতকাল বৃহস্পতিবার প্রথম আলোর অঙ্গপ্রতিষ্ঠান প্রথমা প্রকাশনের সপ্তাহব্যাপী বইমেলা শুরু হয়েছে৷ বইমেলার উদ্বোধন করেন গবেষক ও রাঙামাটি উপজাতীয় সাংস্কৃতিক ইনস্টিটিউটের সাবেক পরিচালক সুগত চাকমা৷
রাঙামাটি বন্ধুসভার সভাপতি সুনেন্টু চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটির জেলা প্রশাসক মো. মোস্তফা কামাল এবং বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি সরকারি কলেজের অধ্যক্ষ বাঞ্চিতা চাকমা৷
সুগত চাকমা বলেন, বই মানুষকে সমৃদ্ধ করে, মানুষের মননশীলতা বাড়ায়৷ প্রথমা প্রকাশনের মুক্তিযুদ্ধভিত্তিক প্রকাশনা পড়ে মুক্তিযুদ্ধপরবর্তী প্রজন্ম মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হবে৷
মো. মোস্তফা কামাল বলেন, বর্তমান ভার্চুয়াল যুগে তরুণ প্রজন্ম বই পড়ার অভ্যাস হারিয়ে ফেলছে৷ এমন সময়ে প্রথমা প্রকাশন তথ্যসমৃদ্ধ বই প্রকাশ করে তরুণ প্রজন্মকে বই পড়ার দিকে মনোযোগী হতে সাহায্য করছে৷
রাঙামাটি জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন কলেজ ও বিদ্যালয়ে বই পড়া প্রতিযোগিতা আয়োজনের যে উদ্যোগ শুরু হয়েছে, প্রথমা প্রকাশনের বইমেলা তাতে সহযোগিতা করবে বলে জেলা প্রশাসক মন্তব্য করেন৷
বাঞ্চিতা চাকমা বলেন, বই পড়লে মানুষ কোনো খারাপ কাজ করতে পারে না৷ তরুণ প্রজন্মকে বই পড়ায় উৎসাহিত করতে সব অভিভাবককে অনুরোধ জানিয়ে তিনি আরও বলেন, ‘তরুণেরা আমাদের ভবিষ্যৎ৷ তাঁদের মননশীলতার ওপর সমাজের অনেক কিছু নির্ভর করে৷’
বইমেলায় প্রথমা তাদের নিজস্ব প্রকাশনা ছাড়াও ভারতের বিভিন্ন প্রকাশনীর বই বিক্রির জন্য এনেছে৷ প্রথমা প্রকাশনের নিজস্ব প্রকাশনার বইয়ে সর্বনিম্ন ৩০ থেকে সর্বোচ্চ ৬০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে৷ এ ছাড়া ভারতীয় বইয়ে এক রুপি সমান এক টাকা ৮০ পয়সা করে নেওয়া হচ্ছে৷