রাঙামাটিতে বন্দুকযুদ্ধ স্থানীয়দের দাবি তিনজন নিহত
রাঙামাটি সদর উপজেলার বান্দরমাছড়া গ্রামে গত বুধবার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পার্বত্য চুক্তির পক্ষ ও বিপক্ষ দলের মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। স্থানীয় লোকজনের দাবি, বন্দুকযুদ্ধে কমপক্ষে তিনজন নিহত ও দুজন আহত হয়েছে। তবে এ ব্যাপারে সরকারি কর্তৃপক্ষ বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছ থেকে নিশ্চিত করে কিছু জানা যায়নি। চুক্তির পক্ষের জনসংহতি সমিতি এবং বিপক্ষের ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) বন্দুকযুদ্ধের বিষয়টি নিশ্চিত করলেও বিস্তারিত কিছু জানাতে পারেনি। পুলিশও সশস্ত্র সংঘাতের বিষয়টি নিশ্চিত করেছে। তবে হতাহতের কোনো তথ্য দিতে পারেনি।স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, চুক্তিবিরোধী ১৮ সশস্ত্র ব্যক্তি বেলা ১১টার দিকে জুরাছড়ি ও বরকল উপজেলার সীমানা আজাছড়া থেকে সদর উপজেলার বান্দরমাছড়া গ্রামে এসে অবস্থান নেন। খবর পেয়ে বেলা সাড়ে ১১টার দিকে পার্শ্ববর্তী বাদলছড়ি গ্রামের দিক থেকে চুক্তির পক্ষের ১৬ ব্যক্তি অস্ত্রশস্ত্র নিয়ে প্রতিপক্ষকে লক্ষ্য করে গুলি চালান। দুই পক্ষের মধ্যে প্রায় পৌনে এক ঘণ্টা বন্দুকযুদ্ধ চলে। একসময় চুক্তিবিরোধীরা জুরাছড়ির দিকে পিছিয়ে যেতে থাকলে চুক্তির পক্ষের লোকজন তাঁদের ধাওয়া করেন। গভীর জঙ্গলে বেলা সাড়ে তিনটা পর্যন্ত থেমে থেমে দুই পক্ষের মধ্যে গোলাগুলি চলতে থাকে। বন্দুকযুদ্ধে তিনজন নিহত ও দুজন আহত হওয়ার কথা জানা গেলেও স্থানীয় লোকজন হতাহত ব্যক্তিদের ব্যাপারে কোনো তথ্য দিতে পারেনি।ইউপিডিএফের সহযোগী সংগঠন গণতান্ত্রিক যুব ফোরামের রাঙামাটি জেলা সমন্বয়ক মাইকেল চাকমা মুঠোফোনে জানান, তিনি বন্দুকযুদ্ধের কথা শুনেছেন।