রাঙামাটিতে বাঙালি ও আদিবাসী সংঘর্ষ ৪০ জন আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির কাউখালী উপজেলায় আদিবাসী ও বাঙালিদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে প্রায় ৪০ জন আহত হয়েছেন। গতকাল সোমবার কাউখালী কলেজ এলাকায় এ ঘটনা ঘটে।স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, অটোরিকশা চালকদের সঙ্গে বাগিবতণ্ডার জের ধরে কয়েকজন বাঙালি ছাত্র ঘিলাছড়ি সড়কে অবরোধ সৃষ্টি করেন। এ নিয়ে আদিবাসী ছাত্রদের সঙ্গে তাঁদের সংঘর্ষ হয়। দুপুর ১২টার দিকে গুজব ছড়িয়ে পড়ে, আদিবাসীদের হামলায় একজন বাঙালি ছাত্র মারা গেছেন। এ গুজবে বাঙালিরা উত্তেজিত হয়ে স্থানীয় ইউপিডিএফ কার্যালয়ে আগুন ধরিয়ে দেন। এ সময় বিভিন্ন জায়গায় আদিবাসী ও বাঙালিদের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।আদিবাসীরা অভিযোগ করেন, বাঙালিরা বিভিন্ন গ্রাম থেকে কচুখালী বাজারে আসা আদিবাসীদের লাঠিপেটা ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন। এতে কমপক্ষে ৩০ জন আদিবাসী আহত হন।আদিবাসীদের অভিযোগ, বাঙালিরা গুজব রটিয়ে তাঁদের ওপর হামলা করেছেন। এতে যেসব আদিবাসী আহত হয়েছেন, তাঁদের প্রায় সবাই নিরীহ। তবে বাঙালিরা বলেছেন, আদিবাসী ছাত্ররা বাঙালি ছাত্রদের ওপর নির্বিচারে হামলা চালানোয় এ ঘটনার সূত্রপাত হয়েছে। আহত ব্যক্তিদের মধ্যে ছয়জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে খবর পাওয়া গেছে।স্বাস্থ্য কমপ্লেক্সে যাঁদের ভর্তি করা হয়েছে তাঁরা হলেন, আক্তার হোসেন, আনোয়ারুল ইসলাম, মাহাদী হাসান, শিপন, রিজিয়া পারভীন ও রূপা আক্তার। এ ছাড়া মোসাদ্দেক হোসেন, ওসমান গনি ও আলাউদ্দিনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁরা সবাই কাউখালী কলেজের শিক্ষার্থী।নাম প্রকাশে অনিচ্ছুক একজন আদিবাসী বলেছেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি বাঙালি-অধ্যুষিত এলাকায় অবস্থিত বলে আহত আদিবাসীরা সেখান থেকে চিকিৎ সা নিয়ে চলে গেছেন। কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু দাউদ মো. গোলাম মোস্তফা বলেন, ঘটনার ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কান্তি বড়ুয়া জানান, সংঘর্ষের ঘটনায় জড়িত সন্দেহে তাঁরা আদিবাসী ১৬ ছাত্রকে আটক করেছিলেন। পরে অভিভাবকদের অনুরোধে মুচলেকা নিয়ে তাঁদের ছেড়ে দিয়েছেন।