রাঙামাটিতে বাঙালি ব্যবসায়ীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির বরকল উপজেলা থেকে গতকাল রোববার মো. হারুন (৪২) নামের এক বাঙালির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ সুপার (এসপি) মাসুদ উল হাসান লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সকাল সাড়ে নয়টার দিকে ভূষণছড়া ইউনিয়নের আদিবাসী-অধ্যুষিত তালছড়া গ্রামে মো. হারুনের লাশ পাওয়া যায়। তিনি গত শুক্রবার থেকে নিখোঁজ ছিলেন। তাঁর বাড়ি ভূষণছড়া ইউনিয়নের গোরস্থান খেয়াঘাট বাজার এলাকায়। তিনি হলুদ ও ফুলের ঝাড়ু ব্যবসায়ী।ময়নাতদন্তের জন্য হারুনের লাশ পুলিশি প্রহরায় সন্ধ্যায় রাঙামাটি জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে।স্থানীয় সূত্র জানায়, হারুনের লাশ পাওয়ার খবরে গতকাল ভূষণছড়া এলাকার বাঙালিদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এতে আদিবাসীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তালছড়া গ্রামসহ আশপাশের বেশ কয়েকজন আতঙ্কিত আদিবাসী বাড়িঘর ছেড়ে পালান। গোরস্থান গর্জনতলী সমাজকল্যাণ বৌদ্ধবিহারের ধর্মীয় গুরু শ্রীমত্ সুমনাসার ভিক্ষু জানান, তিনি নিজেসহ এলাকার অনেক লোক পালিয়ে জঙ্গলে আশ্রয় নিয়েছেন।এদিকে দুপুর দেড়টার দিকে রদংকাবা গ্রাম থেকে তিন আদিবাসী কলা, হলুদসহ বিভিন্ন দ্রব্য বিক্রির উদ্দেশ্যে একটি ট্রলারে করে বরকল বাজারে যাচ্ছিলেন। পথে কলাবন্যা এলাকায় বাঙালিরা ট্রলারটি আটকে রেখে আদিবাসীদের ছেড়ে দেয়। বরকল উপজেলা পরিষদের চেয়ারম্যান সন্তোষ কুমার চাকমা জানান, খবর পেয়ে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম তরিকুল আলমকে নিয়ে ঘটনাস্থলে পরিদর্শন করেছেন। তাঁরা বাঙালিদের শান্ত থাকার অনুরোধ জানিয়েছেন। তিনি জানান, বাঙালিদের মধ্যে উত্তেজনা থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।