রাঙামাটিতে বাস উল্টে নিহত ২, আহত ২০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নে কাদামাটিতে পিছলে বাস উল্টে দুজন নিহত ও কমপক্ষে ২০ জন আহত হয়েছেন।
নিহত ব্যক্তিরা হলেন মো. মামুন (৩৫) ও মো. আলাউদ্দিন (১৮)। তাঁরা দুজনেই ব্যবসায়ী। তাঁদের বাড়ি রাঙামাটি শহরের রিজার্ভ বাজারে।
স্থানীয় সূত্র জানায়, রাঙামাটি শহর থেকে খাগড়াছড়ির উদ্দেশে ছেড়ে যাওয়া একটি বাস সকাল সাড়ে সাতটার দিকে সাপছড়ি ব্রিকফিল্ড এলাকায় উল্টে যায়। এ সময় চাপা পড়ে মামুন মারা যান। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক আলাউদ্দিনকে মৃত ঘোষণা করেন।
রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) নূযয়েন খীসা জানান, আহত ২০ জনের মধ্যে ১৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
বাসের যাত্রীরা জানান, রাতের বৃষ্টির কারণে পিচ্ছিল কাদামাটি সড়কে এসে জমা হয়। সেখানে এসে ব্রেক কষায় বাসটি নিয়ন্ত্রণ হারায়। এতে বাসটি উল্টে গিয়ে খাদের পাশের একটি গাছে আটকে যায়।
আহত যাত্রী মো. সোহেল জানান, বাসটি ছিল খাগড়াছড়িগামী প্রথম বাস। তাই বাসে ছিল অতিরিক্ত যাত্রী। যাত্রীদের অধিকাংশই ব্যবসায়ী। তাঁরা রাঙামাটির নানিয়ারচর উপজেলা গিলাছড়ি বাজারের হাটে যাচ্ছিলেন।
রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশীদ জানান, বাসটি আটক করা হয়েছে। তবে বাসের চালক ও সহযোগী পালিয়ে গেছেন।