রাঙামাটিতে বিঝু সাংগ্রাই বৈসুক বিষু মেলার উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্বত্য চট্টগ্রামের পাহাড়িদের ঐতিহ্যবাহী বর্ষবিদায় ও বরণের উৎসব বিঝু, সাংগ্রাই, বৈসুক, বিষু উপলক্ষে রাঙামাটি ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট প্রাঙ্গণে তিন দিনব্যাপী মেলা শুরু হয়েছে। রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের পৃষ্ঠপোষকতায় রাঙামাটি ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট এ মেলার আয়োজন করে।

গতকাল সোমবার বিকেল পাঁচটায় মেলার উদ্বোধন করা হয়। এ সময় ইনস্টিটিউট প্রাঙ্গণে পাহাড়ি বিভিন্ন জাতিসত্তার পোশাকে সজ্জিত ১৩০ জন শিল্পী সাত মিনিটের নাচের মাধ্যমে পাহাড়, ফুল, পানি সংগ্রহসহ রাঙামাটির রূপবৈচিত্র্য তুলে ধরেন।

পরে ইনস্টিটিউট প্রাঙ্গণের স্থায়ী মঞ্চে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত নারী আসনের সাংসদ ফিরোজা বেগম। সভাপতিত্ব করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। বিশেষ অতিথি ছিলেন রাঙামাটির জেলা প্রশাসক মো. সামসুল আরেফিন।

উদ্বোধনী অনুষ্ঠানে সাংসদ ফিরোজা বেগম বলেন, বাংলাদেশ বৈচিত্র্যময় সংস্কৃতির দেশ। তার চেয়েও রাঙামাটি ভিন্নতর সাংস্কৃতিক বৈচিত্র্যের ধারক। এখানকার নানা সম্প্রদায়ের মানুষ নিজেদের উৎসব পালন করে সব সম্প্রদায়কে নিয়ে।

জেলা প্রশাসক মো. সামসুল আরেফিন বলেন, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটক ও অতিথিরা রাঙামাটির প্রাকৃতিক সৌন্দর্য ও সাংস্কৃতিক বৈচিত্র্য দেখে মগ্ধ হন। প্রতিবছর এ ধরনের মেলার আয়োজন সাংস্কৃতিক প্রসারে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে তিনি মন্তব্য করেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাংস্কৃতিক উপকমিটির আহ্বায়ক সান্তনা চাকমা, রাঙামাটি শিল্পকলা একাডেমির সাবেক কালচারাল অফিসার মুজিবুল হক। স্বাগত বক্তব্য দেন রাঙামাটি ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক রুনেল চাকমা।