পাহাড়ি ছাত্র পরিষদের সমাবেশ
রাঙামাটিতে বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের কার্যক্রম স্থগিত রাখার দাবি
পার্বত্য চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত রাঙামাটিতে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজের কার্যক্রম স্থগিত রাখার দাবি জানিয়েছে পাহাড়ি ছাত্র পরিষদ। একই দাবিতে ১০ জানুয়ারি জেলায় সকাল-সন্ধ্যা অবরোধ কর্মসূচি দিয়েছে সংগঠনটি।
এ বছর থেকে মেডিকেল কলেজের প্রথম বর্ষের ক্লাস শুরু হবে। আর বিশ্ববিদ্যলয়ের জন্য ভূমি হুকুম দখলের কাজ চলছে।
গত রোববার সকালে রাঙামাটি শহরের কালিন্দীপুরের পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কার্যালয় থেকে পাহাড়ি ছাত্র পরিষদের বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে জেলা প্রশাসকের কার্যালয়ের এসে সমাবেশ করে।
পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি জ্যোতিষ্মান চাকমার সভাপতিত্বে সমাবেশে বক্তারা অভিযোগ করেন, সরকার পাহাড়ে উন্নয়নের নামে আদিবাসীদের উচ্ছেদের কার্যক্রম বাস্তবায়ন করছে। অথচ পার্বত্য চুক্তি বাস্তবায়নের কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। পার্বত্য চুক্তি বাস্তবায়ন করে উচ্চশিক্ষার পথ সুগম করতে হবে। আদিবাসী উচ্ছেদের ষড়যন্ত্র হলে লাগাতার অবরোধ, হরতাল ঘোষণা দেওয়া হবে।
সমাবেশে বক্তব্য দেন পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সহসভাপতি রিপেশ চাকমা, সাধারণ সম্পাদক জুয়েল চাকমা, সহসম্পাদক অরুণ ত্রিপুরা, পার্বত্য চট্টগ্রাম যুব সমিতির সাধারণ সম্পাদক তাপস চাকমা প্রমুখ।