রাঙামাটিতে বুদ্ধ পূর্ণিমা উদ্যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটিতে বিভিন্ন বৌদ্ধবিহারে গতকাল মঙ্গলবার বুদ্ধপূর্ণিমা উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষে বৌদ্ধ সম্প্রদায়ের তীর্থস্থান রাঙামাটি রাজবন বিহারে কয়েক হাজার নারী-পুরুষ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেন।
রাজবন বিহারে আয়োজিত সভায় ধর্মীয় দেশনা (উপদেশ বাণী) দেন বিহারের আবাসিক প্রধান প্রজ্ঞালংকার মহাস্থবির, জ্যেষ্ঠ বৌদ্ধধর্মীয় সাধক জ্ঞানপ্রিয় মহাস্থবির ও ইন্দ্রগুপ্ত মহাস্থবির। এ সময় আরও বক্তব্য দেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের সাবেক উপমন্ত্রী মণি স্বপন দেওয়ান ও রাঙামাটি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অরুণ কান্তি চাকমা। এতে বিশ্বশান্তি কামনায় প্রাথর্না করেন রাজবন বিহার উপাসক উপাসিকা পরিষদের সাধারণ সম্পাদক প্রতুল বিকাশ চাকমা।
এর আগে সকাল সাতটায় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি শোভাযাত্রা রাজবন বিহারে এসে শেষ হয়। এ ছাড়া বিহারে বুদ্ধপূজা, পঞ্চশীল প্রার্থনা, সংঘদান, অষ্টপরিষ্কার দানসহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উখিয়ার ৩৬টি বিহারে বুদ্ধপূর্ণিমা
নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার জানান, উখিয়া উপজেলার ৩৬টি বিহারে গতকাল মঙ্গলবার জাঁকজমকভাবে বুদ্ধপূর্ণিমা উদ্যাপন করা হয়েছে৷ ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত বিহারগুলোতে কয়েক হাজার নারী-পুরুষ এ উৎসব নিয়ে ব্যস্ত সময় পার করেন৷
স্থানীয় বাসিন্দারা জানান, ভোরে নিজ নিজ মন্দিরে স্থানীয় বৌদ্ধ সম্প্রদায়ের লোকজন উপস্থিত হয়ে বুদ্ধপূজার মাধ্যমে দিনব্যাপী কর্মসূচির সূচনা করেন৷ এরপর বুদ্ধপূজা, শীল গ্রহণ, পিণ্ডদান, রক্তদান কর্মসূচি, আনন্দ শোভাযাত্রা, ভিক্ষু সংঘের প্রাতরাশ, সমবেত মঙ্গল প্রার্থনা ও রাতে ফানুস ওড়ানো হয়৷
সকাল ১০টায় কুতুপালং থেকে পশ্চিম মরিচ্যা দীপাংকুর বৌদ্ধবিহার পর্যন্ত দীর্ঘ ১৫ কিলোমিটার এলাকায় বৌদ্ধধর্মাবলম্বী ব্যক্তিরা বর্ণাঢ্য শোভাযাত্রা বের করেন৷ সকাল সাড়ে ১০টায় পশ্চিম মরিচ্যা দীপাংকুর বৌদ্ধবিহার প্রাঙ্গণে উখিয়া ভিক্ষু সমিতির সভাপতি রেবত প্রিয় মহাথেরের সভাপতিত্বে বৌদ্ধ সম্মেলন হয়৷ এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের শিক্ষক ভদন্ত জিনবোধি মহাথের৷