রাঙামাটিতে বৈসাবি উৎসব শুরু আজ
পার্বত্য চট্টগ্রামের আদিবাসীদের প্রধান উৎসব বৈসাবি আজ শুক্রবার থেকে শুরু হচ্ছে। তবে কয়েকটি সংগঠন বৈসাবি বর্জনের ডাক দেওয়ায় এ নিয়ে আদিবাসীরা বিভ্রান্তিতে পড়েছে।বিজু, সাংগ্রাইং, বৈসুক, বিষু, বিহু ২০১০ উদ্যাপন কমিটির ব্যানারে রাঙামাটিতে চার দিনব্যাপী বৈসাবি উদ্যাপনের কর্মসূচি ঘোষণা করেছে জনসংহতি সমিতি সমর্থিত একাধিক সংগঠন।আজ সকাল নয়টায় রাঙামাটি পৌরসভা প্রাঙ্গণে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান ও জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা উৎসবের কর্মসূচি উদ্বোধন করবেন। এতে চাকমা রাজা দেবাশীষ রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে। চার দিনের কর্মসূচির মধ্যে রয়েছে শোভাযাত্রা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, নাটক মঞ্চায়ন ও সাংস্কৃতিক অনুষ্ঠান, ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র বাজনা, আদিবাসীদের খেলাধুলা, আদিবাসী পিঠা, খাদ্য ও ওষুধ প্রদর্শনী, বিক্রয় এবং বৈসাবির প্রথম দিনের ভোরে সমবেতভাবে পানিতে ফুল ভাসানো।তবে চট্টগ্রামে পার্বত্যচুক্তি বিরোধী সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টসহ (ইউপিডিএফ) কয়েকটি সংগঠন বৈসাবি উৎসব বর্জনের ডাক দিয়েছে।ইউপিডিএফ সমর্থিত সংগঠনগুলো একাধিক সংবাদ বিজ্ঞপ্তিতে বলছে, রাঙামাটির বাঘাইহাট ও খাগড়াছড়িতে সহিংস ঘটনায় ক্ষতিগ্রস্ত আদিবাসীরা এখনো মানবেতর জীবনযাপন করছে। এ অবস্থায় কারও পক্ষে আনন্দ-উল্লাস করা সম্ভব নয়।