রাঙামাটিতে বোমা হামলায় আহত জনসংহতি সমিতি-সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদের কর্মী মংসাচিং মারমা (২০) সোমবার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। তিনি কাপ্তাই উপজেলার বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেকট্রিক্যাল বিভাগের তৃতীয় বর্ষ ষষ্ঠ সেমিস্টারের ছাত্র।গতকাল মঙ্গলবার মংসাচিং মারমার মরদেহ কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নের কারিগরপাড়ায় তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়।এদিকে বোমা হামলার প্রতিবাদে ও হামলাকারীদের গ্রেপ্তার, নিহত মংসাচিং মারমার পরিবার ও অন্য ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ প্রদান, ইউপিডিএফকে নিষিদ্ধ ঘোষণা এবং পার্বত্যচুক্তি বাস্তবায়নে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবিতে পাহাড়ি ছাত্র পরিষদ গতকাল সকালে রাঙামাটি শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে। গত রোববার রাঙামাটি শহরের জিমনেসিয়াম চত্বরে অনুষ্ঠিত পাহাড়ি ছাত্র পরিষদের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ১৭তম কাউন্সিলের উদ্বোধনী অনুষ্ঠান হয়। অনুষ্ঠান শেষে কাপ্তাই ফিরতে কল্যাণপুরমুখ এলাকায় একটি পেট্রলপাম্পে মংসাচিং মারমাসহ সংগঠনের একদল কর্মী বোমা হামলার শিকার হন। এতে বাসচালকের একজন সহকারীসহ ১৪ জন আহত হন। পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির নবনির্বাচিত সভাপতি ত্রিজিনাদ চাকমা জানান, মংসাচিং মারমা পেট ও বুকে গুরুতর আঘাত পেয়েছিলেন। অস্ত্রোপচারের মাধ্যমে তাঁর পেট থেকে বোমার বেশ কিছু স্প্লিন্টার বের করা হয়। তারপর থেকে তাঁর অবস্থার অবনতি হতে থাকে। সোমবার রাত দুইটায় মংসাচিং মারা যান। এদিকে বোমা হামলার প্রতিবাদে বেলা ১১টায় জেলা প্রশাসন কার্যালয়ের দক্ষিণ ফটকে আয়োজিত প্রতিবাদ সমাবেশে বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আগামী রোববার (২৭ মে) ঢাকায় অনুষ্ঠেয় পার্বত্যচুক্তি বাস্তবায়ন কমিটির বৈঠকে চুক্তি বাস্তবায়নের সময়ভিত্তিক পরিকল্পনা (রোডম্যাপ) ঘোষণা এবং সন্ত্রাসী সংগঠন ইউপিডিএফকে নিষিদ্ধ ঘোষণা করা না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। সমাবেশে সভাপতিত্ব করেন পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি ত্রিজিনাদ চাকমা।