রাঙামাটিতে ব্রাশফায়ারে আহত যুবকের মৃত্যু
রাঙামাটির নানিয়ারচরে দুর্বৃত্তদের ব্রাশফায়ারে আহত ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সাবেক সদস্য সন্তোষ চাকমা মারা গেছেন।
অপর আহত জীবন কুমার চাকমার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। এ ঘটনায় ইউপিডিএফ সন্তু লারমার নেতৃত্বাধীন জনসংহতি সমিতিকে দায়ী করেছে। গত শুক্রবার বিকেল পাঁচটার দিকে রাঙামাটি-খাগড়াছড়ি সড়কের ঘিলাছড়ি ইউনিয়নের রামহরি পাড়া সড়কের মুখে তিনজন মোটরসাইকেল চালানো শেখার সময় একদল দুর্বৃত্ত এসে ব্রাশফায়ার করলে ওই দুজন আহত হন।
ঘটনার খবর পেয়ে লোকজন ঘটনাস্থলে যান। পরে আহত দুজনকে চট্টগ্রামে নিয়ে যাওয়া হয়। ইউপিডিএফের তথ্য বিভাগের প্রধান নিরন চাকমার গতকাল শনিবার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঘটনার জন্য সন্তু লারমার নেতৃত্বাধীন জনসংহতি সমিতিকে দায়ী করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার রাত ১১টার দিকে চট্টগ্রামের একটি হাসপাতালে সন্তোষ চাকমা মারা যান। জীবন কুমার চাকমাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সন্তোষ চাকমা বুড়িঘাট ইউনিয়নের শিয়াল্যা পাড়ার জ্ঞান বিকাশ চাকমার ছেলে।
তাঁর বড় ভাই লেন্দুচান চাকমা ওরফে বিপ্লবও ২০০৩ সালের ১৫ মে জনসংহতি সমিতির সন্ত্রাসীদের ব্রাশফায়ারে নিহত হয়েছিলেন বলে উল্লেখ করা হয়। দুই নিরীহ যুবকের ওপর ব্রাশফায়ারের ঘটনার তীব্র নিন্দা ও দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন ইউপিডিএফের রাঙামাটি জেলা সংগঠক সচল চাকমা।
তবে জনসংহতি সমিতির সহকারী তথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমা বলেন, ‘এ ঘটনায় আমাদের কোনো সম্পৃক্ততা নাই। তাদের মধ্যে কোন্দলের জের হিসেবে এ ঘটনা ঘটতে পারে।’
নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল বলেন, ‘মারা যাওয়ার খবর পেয়েছি। তবে এখনো কেউ মামলা করতে আসেনি। কেউ না এলে পুলিশ বাদী হয়ে মামলা করবে।’