রাঙামাটিতে ভিডিপি-আদিবাসী পাল্টাপাল্টি ধাওয়া, আহত ১৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটি সদর উপজেলার কুতুকছড়ি ইউনিয়নের কুতুকছড়িতে গতকাল শুক্রবার গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) সদস্যদের সঙ্গে আদিবাসীদের পাল্টাপাল্টি ধাওয়া হয়েছে। এ ঘটনায় ভিডিপির পাঁচ সদস্য আহত হয়েছেন। আদিবাসীদের অভিযোগ, ভিডিপি সদস্যদের হামলায় নয় আদিবাসী আহত হয়েছেন। এ ছাড়া ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) রাঙামাটি জেলা কার্যালয় ও আদিবাসীদের মালিকানাধীন কমপক্ষে ১০টি দোকানে ভাঙচুর করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে। ‘হামলা ও ভাঙচুরের’ প্রতিবাদে ইউপিডিএফ আজ শনিবার রাঙামাটিতে অর্ধদিবস সড়ক অবরোধের ডাক দিয়েছে।স্থানীয় আদিবাসী সূত্র জানায়, লংগদু উপজেলায় আদিবাসী গ্রামে ‘হামলা ও অগ্নিসংযোগের’ প্রতিবাদে গতকাল কুতুকছড়িতে প্রতিবাদ সভার ডাক দেয় ইউপিডিএফ। প্রতিবাদ সভা শেষে ইউপিডিএফ, গণতান্ত্রিক যুব ফোরাম ও হিল উইমেন্স ফেডারেশনের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন। এ সময় কুতুকছড়ি সেতুর দক্ষিণ পাশে পুুরোনো সেনাক্যাম্পে দেড় শতাধিক ভিডিপি সদস্য অবস্থান করছিলেন। মিছিলটি দুপুর ১২টার দিকে সেতুর কাছে গেলে ভিডিপি সদস্যরা বাধা দেন। এ সময় দুই পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ ও পাল্টাপাল্টি ধাওয়া হয়। পরে মিছিলকারীরা সেখান থেকে সরে যান। আদিবাসীরা অভিযোগ করেন, এর কিছুক্ষণ পর ভিডিপির সদস্যরা সেতু পার হয়ে কুতুকছড়ি বাজারে এসে আদিবাসীদের ওপর হামলা চালান।আদিবাসীরা জানায়, ঘটনার পর কুতুকছড়ি এলাকা থেকে সেনাবাহিনী আটজন আদিবাসীকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে। রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আক্তার সর্দার হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করলেও আটক ব্যক্তিদের নাম তাৎ ক্ষণিকভাবে জানাতে পারেননি। গণতান্ত্রিক যুব ফোরামের সভাপতি মিঠুন চাকমার অভিযোগ, ভিডিপির সদস্যদের হামলায় হিল উইমেন্স ফেডারেশনের কর্মী বিপাশা চাকমাসহ কমপক্ষে নয়জন আহত হয়েছেন। ভিডিপির সদস্যরা ইউপিডিএফের কার্যালয় এবং আদিবাসীদের মালিকানাধীন কমপক্ষে ১০টি দোকানে লুটপাট ও ভাঙচুর চালিয়েছেন বলেও তিনি অভিযোগ করেন। তিনি বলেন, বিপাশাকে চট্টগ্রামের একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎ সা দেওয়া হয়েছে।এ ঘটনায় ভিডিপির সদস্য মো. ইউসুফ আলী (২২), মো. আবুল হোসেন (৪৫), আবদুল মোতালেব (৫০), মো. ইউনুস (২৫) ও মো. জাহাঙ্গীর (২৫) আহত হয়েছেন। তাঁদের রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।তবে পুলিশ সুপার মাসুদ-উল হাসান জানান, কুতুকছড়িতে শান্ত অবস্থা বিরাজ করছে। আদিবাসীদেরওপর হামলা ও দোকানে ভাঙচুরের বিষয়ে তিনি নিশ্চিত নন।এদিকে লংগদু উপজেলার বগাচতর ইউনিয়নের রাঙ্গীপাড়া ও শান্তিনগর গ্রামে ‘হামলা ও অগ্নিসংযোগের’ পর পরিস্থিতি শান্ত হয়ে এসেছে। ঘটনা তদন্তে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে ২২ ফেব্রুয়ারির মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। গতকাল সেনাবাহিনীর রাঙামাটি অঞ্চলের অধিনায়ক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজিম উদ্দিন, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. খলিলুর রহমান ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ঘটনাস্থল পরিদর্শন করেছেন।ভুল সংশোধনগতকাল শুক্রবার প্রথম আলোয় ‘লংগদুতে আদিবাসীদের বাড়িঘরে অগ্নিসংযোগের অভিযোগ’ শীর্ষক সংবাদে ‘উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুর রহিমের নেতৃত্বে বাঙালিরা লংগদু সদরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন’ বলে যে তথ্য দেওয়া হয়েছে, তা সঠিক নয়। আওয়ামী লীগের নেতা আবদুর রহিম জানান, এতে নেতৃত্ব দিয়েছেন বাঙালি ছাত্র পরিষদের নেতা আবদুর রহিম।