রাঙামাটিতে মহাসড়ক বন্ধ করে সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজ বাস্তবায়ন সংগ্রাম পরিষদ শহরে গতকাল মঙ্গলবার মহাসমাবেশ করেছে। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মহাসড়কের প্রায় এক কিলোমিটার জায়গা বন্ধ করে এ সমাবেশ করা হয়।
রাঙামাটিতে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজ প্রতিষ্ঠা নিয়ে দীর্ঘদিন ধরে পক্ষে-বিপক্ষে সমাবেশ-মানববন্ধন হচ্ছে। গতকাল বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ প্রতিষ্ঠার পক্ষে রাঙামাটি শহরের বনরূপা এলাকার আলিফ মার্কেটের সামনে ব্যস্ততম চট্টগ্রাম-রাঙামাটি সড়কে মহাসমাবেশ ডাকা হয়। সমাবেশের কারণে তিন ঘণ্টা চট্টগ্রাম-রাঙামাটি সড়কের পৌরসভা কার্যালয়ের সামনে থেকে আদালত সড়কের হ্যাপির মোড় পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়। এতে পৌরসভা কার্যালয়-ফরেস্ট কলোনি-বনরূপা বাইপাস সড়ক দিয়ে যান চলাচল শুরু হলে এলাকায় প্রচণ্ড যানজটের সৃষ্টি হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক বিভিন্ন বিভাগে কর্মরত অনেক কর্মকর্তা-কর্মচারী বলেন, শহরের একমাত্র সড়কের ওপর মহাসমাবেশ যদি করতে হয়, অন্য সময়ে করা হতো। অফিস সময়ে করায় অনেককে দুর্ভোগে পড়তে হয়েছে। রাঙামাটি থেকে ঢাকাগামী হানিফ পরিবহনের বাসটি পৌরসভা কার্যালয়ের সামনে আটকা পড়ে। এ সময় দুই যাত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, মহাসড়কের ওপর না করে কোনো মাঠে বা খোলা জায়গা সমাবেশ করলে লোকজনকে দুর্ভোগে পড়তে হতো না।
পৌরসভা কার্যালয়ের সামনে কর্তব্যরত নাম প্রকাশে অনিচ্ছুক একজন পুলিশ কর্মকর্তা জানান, আইনশৃঙ্খলা রক্ষায় তাঁদের সেখানে দায়িত্ব দেওয়া হয়েছে। সড়ক বন্ধ করার অনুমতি দেওয়া হয়েছে কি না, তা তিনি জানেন না।
পুলিশ সুপার আমেনা বেগম সমাবেশকারীরা কোনো অনুমতি নেননি উল্লেখ করে বলেন, ‘এ রকম জেলা পর্যায়ের সমাবেশের অনুমতি দেওয়া হয় জেলা প্রশাসন থেকে।’ জেলা প্রশাসক মো. মোস্তফা কামাল বলেন, এ রকম অরাজনৈতিক সমাবেশ করতে কোনো সময়ই অনুমতি নেওয়া হয় না। এর আগেও বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ বাস্তবায়নের বিরোধীরা জেলা প্রশাসন কার্যালয়ের সামনে চট্টগ্রাম রাঙামাটি সড়কে যান চলাচল বন্ধ করে সমাবেশ করেছে বলে জেলা প্রশাসক জানান।
তবে সংগ্রাম পরিষদের সভাপতি বাংলাদেশ ছাত্র ইউনিয়নের রাঙামাটি জেলার সাবেক সভাপতি ও রাঙামাটি সরকারি কলেজ সংসদের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ওরফে মুন্না বলেন, ‘জেলা পুলিশ সুপার (বিশেষ শাখা) থেকে আমরা সমাবেশের অনুমতি নিয়েছি। তবে সড়ক বন্ধ রাখার অনুমতি নিইনি।’
জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন রাঙামাটি পৌরসভার মেয়র ও বিএনপি নেতা মো. সাইফুল আলম চৌধুরী, সংগ্রাম পরিষদের সদস্যসচিব জামায়াতে ইসলামী নেতা আবদুল মামুন, আওয়ামী লীগ নেতা সাখাওয়াৎ হোসেন, জামায়াতে ইসলামী নেতা আইনজীবী মোক্তার আহমেদ, ইসলামী ফ্রন্ট নেতা এম এ মোস্তফা হেজাজী, আওয়ামী লীগের নেত্রী ফুলমতি ত্রিপুরা, ব্যবসায়ী নেতা জহির আহমেদ প্রমুখ।
বক্তারা বলেন, পৃথিবীর কোনো সভ্য জাতি শিক্ষার বিরোধিতা করতে পারে না। পাহাড়ের কিছু জ্ঞানপাপী শিক্ষাপ্রতিষ্ঠানের বিরোধিতা করছে। কিন্তু তাদের সন্তানদের কোটায় দেশের বিভিন্ন উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ালেখা করার সুযোগ নিচ্ছে।