রাঙামাটিতে মাটি খুঁড়ে গোলাবারুদের সন্ধান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির কাউখালী উপজেলার ঘাগড়া এলাকায় গতকাল বৃহস্পতিবার বিকেলে একটি পাহাড়ে মাটি খোঁড়ার সময় বেশ কিছু গোলাবারুদ পাওয়া গেছে। ওই স্থানে আজ শুক্রবার আবার মাটি খোঁড়া হবে বলে সেনাসূত্রে জানা গেছে। কাউখালী থানার উপপরিদর্শক (এসআই) ওয়াহিদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।উদ্ধার করা গোলাবারুদের মধ্যে রয়েছে হ্যান্ডগ্রেনেড ১০টি, দুই ইঞ্চি মর্টারের গোলা ১২টি, রকেট লঞ্চার চারটি, ডেটোনেটর প্যাকেট চারটি, গুলিভর্তি লোহার বাক্স দুটি। পুলিশ সূত্রে জানা গেছে, রাঙামাটি শহর থেকে ২০ কিলোমিটার দূরে কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের চট্টগ্রাম সড়কের পাশের পাহাড়ে ওপর একটি বেসরকারি মুঠোফোন কোম্পানির টাওয়ার বসানোর জন্য শ্রমিকেরা কাজ করার সময় বিকেল পাঁচটার দিকে মাটির ভেতর এসব গোলাবারুদ দেখতে পান। এ সময় শ্রমিকেরা পাশের রেস্টহার্ট পুলিশ ক্যাম্পে বিষয়টি জানান। পরে পুলিশ সেনাবাহিনীকে খবর দেয়। সেনাবাহিনী গোলাবারুদগুলো উদ্ধার করে নিজেদের হেফাজতে নিয়েছে বলে জানা গেছে। ওই স্থানে সেনাবাহিনী ও পুলিশের পাহারা বসানো হয়েছে। এসআই ওয়াহিদুজ্জামান জানান, গোলাবারুদের গায়ে ১৯৬৪ লেখা রয়েছে। সেখানে আরও গোলাবারুদ থাকতে পারে।সেনাবাহিনীর রাঙামাটি আঞ্চলিক সদর দপ্তরের (ব্রিগেড) মেজর মো. খালেদ জানান, নিরাপত্তার স্বার্থে আজ শুক্রবার সকালে আবারও মাটি খোঁড়া হবে। গোলাবারুদগুলো স্বাধীনতাযুদ্ধের সময়ের হতে পারে।স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, ওই পাহাড়ের সবচেয়ে উঁচু স্থানে অনেক বছরের পুরোনো একটি রেস্টহাউস রয়েছে। সেখানে ১৯৭১ সালে স্বাধীনতাযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনী ক্যাম্প করেছিল। পরে আবার বাংলাদেশ সেনাবাহিনীও দীর্ঘদিন ক্যাম্প হিসেবে রেস্টহাউসটি ব্যবহার করেছে।