রাঙামাটিতে যুব সমিতির নেতা গুলিবিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সহযোগী সংগঠন যুব সমিতির (যুস) তথ্য ও প্রচার সম্পাদক পাপুল বিকাশ চাকমা (২৭) গুলিবিদ্ধ হয়েছেন। সূত্র জানায়, গতকাল বুধবার রাত নয়টার দিকে জনসংহতি সমিতির রাঙামাটি জেলা কার্যালয় থেকে মাত্র ২০ গজ দূরে শহরের রানী দয়াময়ী উচ্চবিদ্যালয়ের সামনে পাপুল বিকাশ চাকমাকে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা গুলি করে। ঘটনার পরপরই তাঁকে রাঙামাটি জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হাসপাতালের একজন সেবিকা জানান, পাপুলকে পেছন থেকে গুলি করা হয়েছে। তাঁর কাঁধের নিচে গুলির আঘাতের চিহ্ন রয়েছে। জনসংহতি সমিতির সহকারী তথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমা বলেন, পাপুলকে ইউপিডিএফ অথবা সংস্কারপন্থী (জনসংহতি এমএন লারমা গ্রুপ) দলের সন্ত্রাসীরা গুলি করেছে। তবে ইউপিডিএফের সহযোগী সংগঠন গণতান্ত্রিক যুব ফোরামের সাধারণ সম্পাদক মাইকেল চাকমা অভিযোগ অস্বীকার করে বলেন, ‘অন্য কেউ সুযোগ নিতে পারে। আর জনসংহতি সমিতি রাজনৈতিক উদ্দেশে আমাদের ওপর দায় চাপাতে চাচ্ছে।’রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম চৌধুরী বলেন, ঘটনাস্থলে ৯ এম এম পিস্তলের গুলির একটি খোসা পাওয়া গেছে।