রাঙামাটিতে যুব সমিতির নেতাকে হত্যাচেষ্টার প্রতিবাদে সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্তু লারমার নেতৃত্বাধীন জনসংহতি সমিতির সহযোগী সংগঠন যুব সমিতির তথ্য ও প্রচার সম্পাদক পাপুল বিকাশ চাকমাকে হত্যাচেষ্টার প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার রাঙামাটি শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে।
গতকাল বেলা ১১টায় রাঙামাটি শহরের উত্তর কালিন্দীপুরের জনসংহতি সমিতির জেলা কার্যালয় থেকে জনসংহতি সমিতি, যুব সমিতি ও পাহাড়ি ছাত্র পরিষদের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি বনরূপা ঘুরে জেলা প্রশাসন কার্যালয়ের সামনে আসে। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টকে (ইউপিডিএফ) সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে বলেন, তাদের অপকর্মের সঙ্গে সরকারের একটি চক্রের গভীর যোগাযোগ রয়েছে। জনসংহতি সমিতির ৫২ সদস্যকে অপহরণ করে ছয় মাস ধরে আটকে রাখা এবং টেলিটকের পাঁচজনকে অপহরণের পর তিন কোটি টাকা মুক্তিপণ দাবির নিন্দা জানিয়ে অতিসত্বর ইউপিডিএফকে নিষিদ্ধ ঘোষণার দাবি জানান।
যুব সমিতির রাঙামাটি জেলা সভাপতি সুনির্মল চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন জনসংহতি সমিতির কেন্দ্রীয় সদস্য উদয়ন ত্রিপুরা, রাঙামাটি জেলা যুগ্ম সম্পাদক শরৎ জ্যোতি চাকমা, যুব সমিতির সাংগঠনকি সম্পাদক সমর জ্যোতি চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক রনো চাকমা। গত বুধবার রাত নয়টায় রাঙামাটি শহরের রানী দয়াময়ী উচ্চবিদ্যালয়ের সামনে যুব সমিতির তথ্য ও প্রচার সম্পাদক পাপুল বিকাশ চাকমাকে পেছন থেকে গুলি করে হত্যার চেষ্টা করা হয়। তাঁকে মারাত্মক আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনার জন্য জনসংহতি সমিতি ইউপিডিএফকে দায়ী করে। কিন্তু ইউপিডিএফ অভিযোগ অস্বীকার করেছে।