রাঙামাটিতে শহীদ পরিবার ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে গতকাল শনিবার মহান স্বাধীনতা দিবসে শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়েছে। অনুষ্ঠানে বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় ডিজিটাল বাংলাদেশ গড়ার শপথ নিতে হবে। একই সঙ্গে দেশকে রাজাকারমুক্ত করা না গেলে শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মা শান্তি পাবে না।
জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে পাঁচজন শহীদ মুক্তিযোদ্ধার পরিবার, ৬২ জন মুক্তিযোদ্ধা ও স্বাধীনতার বিভিন্ন সময়ে মারা যাওয়া ২৫ জন মুক্তিযোদ্ধার পরিবারকে আর্থিক অনুদান দেওয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংরক্ষিত নারী আসনের সাংসদ ফিরোজা বেগম বলেন, অনেক মুক্তিযোদ্ধা এখনো পরিবার নিয়ে কষ্টে দিন কাটাচ্ছেন। ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যার পর দেশ মুক্তিযুদ্ধের চেতনার উল্টো পথে হেঁটেছে। রাজাকারদের গাড়িতে জাতীয় পতাকা তুলে দেওয়া হয়েছিল। কিন্তু মুক্তিযুদ্ধের চেতনা বিলুপ্ত হওয়ার নয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলার মানুষ আবার জেগে উঠেছে।
বিশেষ অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. সামসুল আরেফিন বলেন, স্বাধীনতাযুদ্ধে রাঙামাটিতে শহীদ হওয়া তৎকালীন মহকুমা প্রশাসক আবদুল আলীকে এ বছর স্বাধীনতা পদক দেওয়া হয়েছে। দেশের অন্যান্য এলাকার মতো রাঙামাটি তথা পার্বত্য চট্টগ্রামের মানুষও স্বাধীনতাযুদ্ধের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন।
পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান বলেন, সবাইকে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখতে হবে।
মুক্তিযোদ্ধা সংসদের রাঙামাটি জেলা ইউনিটের কমান্ডার রবার্ট রোনাল্ড পিন্টু বলেন, ‘আমরা স্বাধীন, সুখী, সমৃদ্ধ, রাজাকারমুক্ত বাংলাদেশ গড়তে যুদ্ধ করেছি। আমাদের জীবদ্দশায় যদি তা দেখে যেতে পারি, তাহলে শহীদদের রক্তদান সার্থক হবে।’
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য অমিত চাকমা, বাঘাইছড়ি উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল লতিফ ও রাঙামাটি সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মিজানুর রহমান। স্বাগত বক্তব্য দেন জেলা পরিষদের সদস্য সান্ত্বনা চাকমা।