রাঙামাটিতে শান্তি শোভাযাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভবিষ্যৎ প্রজন্মের জন্য শান্তি প্রতিষ্ঠার দৃঢ় অঙ্গীকারে গতকাল বৃহস্পতিবার রাঙামাটিতে শান্তি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে পার্বত্য চট্টগ্রামে শান্তির সপক্ষে প্রচারণা ও জনমত গঠনে নিয়োজিত সিএইচটি পিস মেকারস অ্যালায়েন্স এ শোভাযাত্রার আয়োজন করে।
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চত্বরে আয়োজিত শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে পরিষদের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা বলেন, প্রতিটি সচেতন মানুষের উচিত ভবিষ্যৎ প্রজন্মের বাসযোগ্য শান্তিপূর্ণ পরিবেশ রেখে যাওয়া। তিনি সব মহলের প্রতি শান্তি প্রতিষ্ঠায় অবদান রাখার আহ্বান জানিয়ে বলেন, সবার ঐকান্তিক প্রচেষ্টা না থাকলে কোনো এলাকায় শান্তি প্রতিষ্ঠা কঠিন হয়ে যায়।
গত রোববার দিবাগত রাতে আঞ্চলিক পরিষদ কার্যালয়ে গ্রেনেড হামলার তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, এ ধরনের ঘটনা পার্বত্য চট্টগ্রামের জন্য অশনিসংকেত। এ সময় আরও বক্তব্য দেন রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি সুনীল কান্তি দে, সিএইচটি পিস মেকারস অ্যালায়েন্সের সদস্য মৈত্রী দেওয়ান, টুকু তালুকদার প্রমুখ।
পরে শান্তির বাণীসংবলিত আদিবাসী ও বাংলা গানের সুরে শোভাযাত্রা রাঙামাটির গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পৌরসভা চত্বরে এসে শেষ হয়।
শান্তি শোভাযাত্রা আয়োজনে সহযোগিতা করেছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপির) পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন সহায়তা প্রকল্প (সিএইচটিডিএফ)।