রাঙামাটিতে শান্তিপূর্ণ অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ষষ্ঠ ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে রাঙামাটির বরকল উপজেলার ভূষণছড়া ইউনিয়নের একটি কেন্দ্রের পুনর্নির্বাচনের দাবিতে রাঙামাটি জেলায় ডাকা ৩৬ ঘণ্টার সড়ক ও নৌপথের অবরোধ কর্মসূচির প্রথম দিন গতকাল সোমবার শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। অবরোধ আজ মঙ্গলবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত চলবে। পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমার নেতৃত্বাধীন জনসংহতি সমিতি এ অবরোধের ডাক দেয়।
অবরোধের কারণে গতকাল সকাল থেকে রাঙামাটি শহর থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। দোকানপাট বন্ধ ছিল। অবরোধের কারণে শহরের ট্রাক টার্মিনাল, বনরূপা সমতাঘাটসহ বিভিন্ন স্থানে নৌপথে নিয়ে আসা মৌসুমি ফলের চালান আটকা পড়েছে।
রাঙামাটির পুলিশ সুপার মো. সাঈদ তারিকুল হাসান বলেন, অবরোধ চলাকালে জেলার ১০ উপজেলায় কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সব জায়গায় পরিস্থিতি শান্ত ছিল।
গত ৪ জুন রাঙামাটির ৪৯টি ইউনিয়নের মধ্যে ৪৮টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। কিছু বিচ্ছিন্ন সহিংসতার ঘটনা ছাড়া ওই নির্বাচন ছিল শান্তিপূর্ণ। তবে বরকল উপজেলার ভূষণছড়া ইউনিয়নের ছোট হরিণা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীর পক্ষে বহিরাগত দুর্বৃত্তরা ভোট কারচুপি করেছে বলে জনসংহতি সমিতির নেতারা অভিযোগ করেন। নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মো. মামুনুর রশীদ চেয়ারম্যান নির্বাচিত হন।
গত বৃহস্পতিবার রাঙামাটি শহরের কুমার সমিত রায় জিমনেসিয়াম চত্বরে ভোট কারচুপির প্রতিবাদে সমাবেশ করে জনসংহতি সমিতি। ওই দিন একটি কেন্দ্রে পুনঃ ভোট গ্রহণের দাবিতে ৩৬ ঘণ্টার অবরোধ কর্মসূচির ডাক দেওয়া হয়। এর আগে ছোট হরিণা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ফলাফল বাতিল ও পুনর্নির্বাচনের দাবিতে জনসংহতি সমিতি ৬ জুন থেকে বরকল উপজেলায় লাগাতার হাটবাজার বর্জন ও নৌপথ অবরোধ কর্মসূচি পালন করে আসছে।