রাঙামাটিতে শান্তিপূর্ণ ভোট
বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া রাঙামাটি জেলার ৪৮টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে।
জেলা নির্বাচন কর্মকর্তা মো. নাজিম উদ্দিন বলেন, জেলার ৪৯টি ইউপির মধ্যে গতকাল শনিবার ৪৮টিতে নির্বাচন হয়েছে। নির্বাচন শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। তাঁদের কাছে কোনো অভিযোগ আসেনি।
এদিকে সরেজমিনে নানিয়ারচর উপজেলার বুড়িঘাট ইউনিয়নের ছয়টি কেন্দ্র ঘুরে তিনটিতে সরকারি দলের কর্মী-সমর্থকদের দাপট দেখা যায়।
বেলা ১১টায় ইসলামপুর পুনর্বাসন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গেলে তিনজন নারী ভোটার অভিযোগ করেন, তাঁদেরসহ বেশ কয়েকজন ভোটারের কাছ থেকে আওয়ামী লীগের প্রার্থীর এজেন্টরা চেয়ারম্যান প্রার্থীর ব্যালট পেপার কেড়ে নিয়েছেন।
এ ব্যাপারে জানতে চাইলে কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা রণতোষ দেব বলেন, ব্যালট পেপার ছিনিয়ে নেওয়ার অভিযোগ তিনি পেয়েছেন। ইতিমধ্যে বিষয়টি সুরাহা করা হয়েছে।
দুপুর ১২টা ১০ মিনিটে বুড়িঘাট বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে পোলিং কর্মকর্তার সামনে নৌকা প্রতীকের একজন কর্মীকে পাঁচজন ভোটারের কাছ থেকে ব্যালট পেপার নিয়ে নৌকা প্রতীকে সিল মারতে দেখা যায়।
এ ব্যাপারে পোলিং কর্মকর্তা মো. তৌহিদ কোনো মন্তব্য করতে রাজি হননি।
কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মো. আহসান উদ্দিন বলেন, ‘আমি কিছুক্ষণ পরপর বুথে ঘুরে আসছি। কই সে রকম তো কিছু দেখিনি।’
বেলা পৌনে একটায় বুড়িঘাট পুনর্বাসন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা প্রতীকে প্রচুর জাল ভোট দেওয়ার অভিযোগ করেন আনারস প্রতীকের এজেন্ট রিনাল চাকমা। ওই সময় সঠিক পরিচয় দিতে না পারায় ওই বুথে ভোট দিতে আসা আটজনকে ফিরিয়ে দেওয়া হয়।
কেন্দ্রের সহকারী প্রিসাইডিং কর্মকর্তা মো. ফারুক আকন্দ বলেন, ‘আমরা চেষ্টা করছি জাল ভোট ঠেকাতে। কয়জনকে আর ঠেকানো যায়।’ প্রিসাইডিং কর্মকর্তা মো. ফজলুল বারী বলেন, ‘খুবই চেষ্টা করছি যেন জাল ভোট না হয়।’
আনারস প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রমোদ খীসা অভিযোগ করেন, ‘ইউনিয়নের নয়টি কেন্দ্রের কমপক্ষে পাঁচটিতে সরকারি দলের সমর্থকেরা ভোট কারচুপি করছেন। সংশ্লিষ্ট কেন্দ্রগুলোর প্রিসাইডিং কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ করেছি। কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।’
অবশ্য রিটার্নিং কর্মকর্তা মো. আফজাল হোসেন বলেন, ‘আমি মৌখিক বা লিখিত কোনো অভিযোগ পাইনি।’
আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থী মো. মামুন ভূঁইয়া অভিযোগ অস্বীকার করে বলেন, ‘নির্বাচন সুষ্ঠুভাবে চলছে। তবে কিছু কেন্দ্রে আঞ্চলিক রাজনৈতিক দলের কর্মীদের তৎপরতায় আমাদের কর্মীরা কাজ করতে পারছেন না।’