রাঙামাটিতে শান্তিপূর্ণ হরতাল
পার্বত্য চট্টগ্রাম থেকে সেনাছাউনি প্রত্যাহারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা প্রত্যাহারের দাবিতে গতকাল বৃহস্পতিবার ডাকা সকাল-সন্ধ্যা হরতাল রাঙামাটি জেলায় শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। পার্বত্য নাগরিক পরিষদ ও পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ যৌথভাবে এ হরতালের ডাক দেয়।
হরতাল চলাকালে দূরপাল্লার যানবাহন চলাচল করেনি। রাঙামাটি শহরে মোটরসাইকেলসহ কিছু হালকা যানবাহন চলাচল করেছে। গতকাল সকাল সাড়ে ৯টা থেকে ১১টা পর্যন্ত শহরের গুরুত্বপূর্ণ স্থান চট্টগ্রাম-রাঙামাটি সড়কের টিঅ্যান্ডটি এলাকা থেকে রিজার্ভ বাজার পর্যন্ত প্রায় ৮ কিলোমিটার এলাকা সরেজমিন ঘুরে কোথাও কোনো পিকেটার দেখা যায়নি। দোকানপাট, অফিস-আদালত ও বাণিজ্যিক ব্যাংকগুলোতে স্বাভাবিক কাজ হয়েছে। তবে লোকজনের উপস্থিতি কম ছিল।
রাঙামাটির পুলিশ সুপার মো. সাঈদ তারিকুল হাসান গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, হরতালে যানবাহন কম চললেও জীবনযাত্রা স্বাভাবিক ছিল। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
ঢাকায় পার্বত্য ভবন উদ্বোধনকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শান্তিচুক্তি অনুযায়ী ছয়টি ক্যান্টনমেন্ট ছাড়া পার্বত্য এলাকা থেকে পর্যায়ক্রমে সব সেনাছাউনি প্রত্যাহারের ঘোষণা দেন।