রাঙামাটিতে শান্তিপূর্ণভাবে সকাল-সন্ধ্যা হরতাল চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটিতে মোটরসাইকেলচালক খুনের ঘটনার প্রতিবাদে সকাল-সন্ধ্যা হরতাল শান্তিপূর্ণভাবে চলছে। সকাল থেকে এখনো কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ এই হরতাল আহ্বান করে।

অফিস-আদালত খোলা থাকলেও দোকানপাট ছিল বন্ধ। আজ বুধবার বনরূপা ও কল্যাণপুর এলাকায় হাটের দিন হলেও হরতালের কারণে তেমন জমেনি। শহর থেকে দূরপাল্লা কিংবা স্থানীয় অটোরিকশাসহ কোনো যানবাহন চলেনি।

শহরের ঘুরে দেখা গেছে, সকাল থেকে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের নেতা-কর্মীরা বনরূপা এলাকায় অবস্থান নেন। তাঁরা সেখানে হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছেন। যানবাহন চলাচল বন্ধ থাকায় কলেজ-বিদ্যালয়ের শিক্ষার্থী, হাটে দূরদূরান্ত থেকে আসা ক্রেতা-বিক্রেতারা চরম দুর্ভোগে পড়েন।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রশিদ বলেন, হরতাল শান্তিপূর্ণভাবে চলছে। এখনো কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরের বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

১০ এপ্রিল সন্ধ্যায় ছাদিকুল ইসলাম (২৩) তাঁর ভাড়ায় চালিত মোটরসাইকেল করে দুই ব্যক্তিকে নিয়ে মহালছড়ি বাসস্ট্যান্ড থেকে রাঙামাটির নানিয়াচর উপজেলার ঘিলাছড়ি যাচ্ছিলেন। এরপর থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। ১৩ এপ্রিল বিকেলে ঘিলাছড়ি এলাকায় ছাদিকুল ইসলামের লাশ পাওয়া যায়।