রাঙামাটিতে শিক্ষক সমাবেশ
পার্বত্য চট্টগ্রামের সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের দ্বিতীয় শ্রেণীর মর্যাদা দেওয়া, দুর্গম এলাকা চিহ্নিত করে প্রতি উপজেলায় কমপক্ষে দুটি আবাসিক প্রাথমিক বিদ্যালয় স্থাপন, প্রাথমিক বিদ্যালয়ে সর্বনিম্ন ছয়জন শিক্ষকের পদ সৃষ্টি করাসহ বিভিন্ন দাবি জানিয়েছেন। গত শনিবার বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির রাঙামাটি পার্বত্য জেলা শাখার উদ্যোগে আয়োজিত ‘তিন পার্বত্য জেলার প্রাথমিক শিক্ষক ও শিক্ষার গুণগতমান উন্নয়নে আয়োজিত শিক্ষক ও সুধী সমাবেশে এসব দাবি জানানো হয়।স্থানীয় পৌরসভা প্রাঙ্গণে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী আফসারুল আমীন। বিশেষ অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদার, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান সাংসদ বীর বাহাদুর উশৈচিং, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, রাঙামাটি জেলা প্রশাসক সৌরেন্দ্রনাথ চক্রবর্তী প্রমুখ। সমাবেশে তিন পার্বত্য জেলার দুই সহস্রাধিক শিক্ষক ও অভিভাবক উপস্থিত ছিলেন।মন্ত্রী আফসারুল আমীন শিক্ষকদের দাবিগুলো যৌক্তিক বলে উল্লেখ করে পর্যায়ক্রমে এসব দাবি পূরণের আশ্বাস দেন। মন্ত্রী ২০১৪ সালের মধ্যে দেশ যেন নিরক্ষরমুক্ত হয়ে সে লক্ষ্যে কাজ করতে শিক্ষকদের প্রতি আহ্বান জানান। পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী বলেন, পশ্চাত্পদ পার্বত্য চট্টগ্রামে শিক্ষাসহ সব ক্ষেত্রে উন্নয়ন ত্বরান্বিত করতে পার্বত্য শান্তিচুক্তি করা হয়েছে। এ চুক্তি নিয়ে যেন কেউ বিভ্রান্তি সৃষ্টি করতে না পারে, সেদিকে সচেতন থাকতে তিনি শিক্ষক ও সুধী সমাজের প্রতি আহ্বান জানান।