রাঙামাটিতে শিক্ষার্থীদের দুর্নীতিমুক্ত সমাজ গঠনের অঙ্গীকার
দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠার অঙ্গীকার করেছে গত বছর জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া রাঙামাটির ৮৯ জন ছাত্রছাত্রী। গতকাল বৃহস্পতিবার সচেতন নাগরিক কমিটি (সনাক) রাঙামাটি আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে ছাত্রছাত্রীরা এই শপথ করে।
রাঙামাটি শিল্পকলা একাডেিম মিলনায়তনে অনুষ্ঠিত এই সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. সামসুল আরেফিন। তিনি বলেন, দেশকে মধ্যম ও উন্নত আয়ের দেশে পরিণত করতে হলে দুর্নীতিমুক্ত হতে হবে। ছাত্রছাত্রীদের দুর্নীতি, মাদক ও জঙ্গিবাদের ভয়াবহতা সম্পর্কে সচেতন করতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে রাঙামাটি পৌরসভার মেয়র মো. আকবর হোসেন চৌধুরী বলেন, দুর্নীতি উন্নয়নের প্রধান বাধা। দুর্নীতিমুক্ত সমাজ গঠনে মেধাবী তরুণ-তরুণীদের এগিয়ে আসতে হবে।
রাঙামাটি সদর সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার চিত্ত রঞ্জন পাল বলেন, শিক্ষার্থীদের মধ্যে যদি দুর্নীতি ও জঙ্গিবিরোধী চেতনা জাগ্রত করা যায় তাহলে দেশ সঠিক পথে এগিয়ে যাবে। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সনাকের শিক্ষাবিষয়ক উপকমিটির আহ্বায়ক নিরূপা দেওয়ান ও সদস্য মোহাম্মদ আলী। সভাপতিত্ব করেন সনাক রাঙামাটির সহসভাপতি অমলেন্দু হাওলাদার। অনুষ্ঠানে জিপিএ-৫ অর্জনকারী ছাত্রছাত্রীদের সম্মাননা স্মারক ও সম্মাননাপত্র দেওয়া হয়।