রাঙামাটিতে শিশুদের অঙ্কন প্রতিযোগিতা
রাঙামাটিতে গতকাল শুক্রবার শিশুদের একটি পোস্টার অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। তিন ঘণ্টার এ প্রতিযোগিতায় শিশুরা ফলমূল ছাড়াও নানা দৃশ্যের ছবি আঁকে।
১৬ অক্টোবর বিশ্বখাদ্য দিবস সামনে রেখে গতকাল সকাল ১০টায় রাঙামাটি শিল্পকলা একাডেমীতে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) ওই প্রতিযোগিতার আয়োজন করে। ‘সুস্থ থাকতে হলে সুষ্ঠু খাবার ব্যবস্থা প্রয়োজন’ শীর্ষক অঙ্কন প্রতিযোগিতায় পাঁচ থেকে ১৭ বছরের ১৪৮ জন শিশু তিনটি দলে ভাগ হয়ে অংশ নেয়। পরে প্রতিটি দল থেকে পাঁচজন করে ১৫ জনকে পুরস্কার দেওয়া হয়। প্রতিযোগিতা শেষে চলে শিশুদের গান, কবিতা আবৃত্তিসহ বিনোদনমূলক অনুষ্ঠান।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. মোস্তফা কামাল, খাদ্য ও কৃষি সংস্থার বাংলাদেশের আবাসিক প্রতিনিধি মাইক রবসন, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের যুগ্ম সচিব সুলতানা আফরোজ, কৃষি সম্প্রসারণ বিশেষজ্ঞ পবন কুমার চাকমা প্রমুখ।