রাঙামাটিতে শিশুরা নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছে
অতিরিক্ত গরম আবহাওয়া, বৃষ্টি এবং বৃষ্টিজনিত হঠাৎ ঠান্ডায় রাঙামাটিতে সর্দি-কাশিতে আক্রান্ত হচ্ছে মানুষ। বিশেষ করে নিউমোনিয়ায় আক্রান্ত শিশুর সংখ্যা বাড়ছে বলে চিকিৎসকদের সঙ্গে কথা বলে জানা গেছে।
গতকাল শনিবার দুপুর পর্যন্ত রাঙামাটি জেনারেল হাসপাতালে নিউমোনিয়ায় আক্রান্ত ৪৮ জন শিশুকে ভর্তি পাওয়া গেছে।
রাঙামাটি জেনারেল হাসপাতালে দেখা গেছে, মহিলা ও শিশু ওয়ার্ডে অনেক শিশু ভর্তি রয়েছে। অভিভাবকদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রায় সব শিশু নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, অসময়ে মাত্রাতিরিক্ত গরম, বৃষ্টি আর হঠাৎ ঠান্ডার কারণে শিশুরা বেশি সর্দি-কাশিতে আক্রান্ত হচ্ছে। তবে প্রায় সব বয়সের মানুষের সর্দি-কাশি হচ্ছে।
নয় মাস বয়সের যমজ শিশু সোম ও রুমার বাবা বিনয় বিকাশ চাকমা জানান, চার দিন আগে তাঁরা শিশুদের হাসপাতালে ভর্তি করেছেন। তাঁদের বাড়ি কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের বাদলছড়ি গ্রামে। গ্রামে অনেক শিশু সর্দি-কাশিতে আক্রান্ত।
রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা নূ্যয়েন খীসা জানান, এক সপ্তাহ ধরে প্রায় প্রতিদিনই নিউমোনিয়ায় আক্রান্ত শিশু হাসপাতালে ভর্তি হচ্ছে। আবার অনেকে সুস্থ হয়ে চলে যাচ্ছে।
নূ্যয়েন খীসা বলেন, নিউমোনিয়ায় আক্রান্ত শিশুদের হাসপাতালে ভর্তির হার স্বাভাবিকের চেয়ে প্রায় তিন গুণ। গতকাল হাসপাতালে ৪০ জন শিশু ভর্তি ছিল। বেলা দুইটা পর্যন্ত নতুন ভর্তি হয়েছে আরও আটজন। এ ছাড়া বহির্বিভাগে চিকিৎসা নিয়েছে ৭৫ জন শিশু।