রাঙামাটিতে সওজের উচ্ছেদ অভিযান, প্রতিবাদে অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়ক অবরোধ ও প্রতিবাদের মুখে গতকাল সোমবার রাঙামাটিতে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের সম্পদ উদ্ধার অভিযান স্থগিত করা হয়েছে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সওজের সম্পদ উদ্ধারের জন্য গতকাল সকাল থেকে রাঙামাটি শহরে উচ্ছেদ অভিযান শুরু করা হয়। উচ্ছেদের প্রতিবাদে বেলা তিনটার দিকে গাছ-বাঁশ ও ভাঙা আসবাবপত্র ফেলে দোকানিরা কলেজগেট এলাকায় চট্টগ্রাম-রাঙামাটি সড়ক অবরোধ করেন। অবরোধ চলে প্রায় সাড়ে চারটা পর্যন্ত। অবরোধের কারণে কলেজগেট এলাকার দুপাশে শতাধিক যানবাহন আটকা পড়ে। এতে দুর্ভোগে পড়তে হয় সাধারণ লোকজনকে।
খবর পেয়ে সেনাবাহিনীর রাঙামাটি জোনের অধিনায়ক লে. কর্নেল মালিক শামসের নেতৃত্বে একদল সেনাসদস্য ঘটনাস্থলে আসেন। পরে কলেজগেট এলাকায় সওজের রাঙামাটি অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলীর কার্যালয়ে সেনা কর্মকর্তা, প্রশাসনের কর্মকর্তা ও সওজের কর্মকর্তারা স্থানীয় ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করেন।
বৈঠক শেষে লে. কর্নেল মালিক শামস হাতমাইকে সবাইকে শান্ত হওয়ার আহ্বান জানিয়ে বলেন, উচ্ছেদ অভিযান আপাতত স্থগিত করা হয়েছে। তিনি সড়ক অবরোধ তুলে নেওয়ার অনুরোধ জানালে দোকানিরা অবরোধ তুলে নেন।
উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী হাকিম মো. আবদুল মান্নান এবং সওজের নির্বাহী প্রকৌশলী মো. মামুনুর রশীদ।
নির্বাহী প্রকৌশলী মো. মামুনুর রশীদ প্রথম আলোকে বলেন, কয়েকজন ব্যবসায়ী দাবি করেছেন, তাঁরা যে জায়গায় আছেন, সেটা সওজের নয়। সেটা সরকারি খাসজমি। তিনি বলেন, কাগজপত্র যাচাই-বাছাই করতে কিছুদিনের জন্য উচ্ছেদ অভিযান স্থগিত করা হয়েছে।
নির্বাহী প্রকৌশলী জানান, রাঙামাটি জেলার বিভিন্ন স্থানে সওজের অন্তত অর্ধশত কোটি টাকার সম্পদ অবৈধ দখলদারদের দখলে রয়েছে। এসব সম্পদ উদ্ধারে গতকাল থেকে অভিযান শুরু করা হয়। তিনি জানান, গতকাল সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত শহরের ভেদভেদি এলাকায় ৬০টি বাড়ি উচ্ছেদ করা হয়। পরে বেলা দুইটা থেকে কলেজগেট এলাকায় উচ্ছেদ অভিযান শুরু হয়। সেখানে ৩০টি দোকান উচ্ছেদের পর দোকানিরা প্রতিবাদ শুরু করেন।