অপহৃত তিন বন কর্মকর্তার মুক্তির দাবিতে রাঙামাটিতে গতকাল সকাল-সন্ধ্যার হরতাল ঢিলেঢালাভাবে পালিত হয়েছে। তবে সড়ক ও নৌপথের দূর পাল্লার যান এবং শহরের অভ্যন্তরীণ চলাচলকারী একমাত্র যান অটোরিকশা চলাচল করেনি।
পার্বত্য যুব ফোরাম নামের বাঙালিদের একটি সংগঠন এ হরতালের ডাক দেয়। হরতাল চলাকালে কোথাও কোনো পিকেটার দেখা যায়নি। তার পরও চলমান জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা কেন্দ্র ছাড়া অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ছিল। হরতাল চলাকালে জেএসসি পরীক্ষার্থীদের বহনকারী যান হরতালের আওতামুক্ত ছিল। তবে দোকানপাট, অফিস-আদালত এবং বাণিজ্যিক প্রতিষ্ঠান খোলা ছিল।
৬ নভেম্বর পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের সহকারী বন সংরক্ষক (এসিএফ) ফরিদ মিয়া, রেঞ্জ কর্মকর্তা রবিউল হোসেন ও ফরেস্টার বিবর্তন চাকমা ব্যক্তিগত জোতভূমির (বাগান) গাছ পরিমাপ করতে লংগদু উপজেলার সদর ইউনিয়নের হারিহাবা নামক এলাকায় যান। নিয়ম অনুযায়ী ব্যক্তিগত বাগানের গাছ কাটার অনুমতি দেওয়ার আগে বন বিভাগের লোকজনকে খাড়া অবস্থায় গাছের পরিমাপ করতে হয়। এ সময় একদল সশস্ত্র দুর্বৃত্ত তাঁদের অস্ত্রের মুখে অপহরণ করে।
পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিভাগীয় প্রধান এ এস এম কায়সার জানান, স্থানীয় লোকজনের মাধ্যমে অপহৃত ব্যক্তিদের উদ্ধারে চেষ্টা চলছে। তবে কোনো সুখবর পাওয়া যাচ্ছে না বলে তিনি উল্লেখ করেন।
রাঙামাটি পুলিশ সুপার (এসপি) আমেনা বেগম বলেন, ‘আমরা অপহরণ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করতে তদন্ত করছি।’