রাঙামাটিতে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩০
চট্টগ্রাম-রাঙামাটি সড়কের সাপছড়ি এলাকায় গত বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও ৩০ জন আহত হয়েছেন।
নিহত ব্যক্তির নাম আহাদ আলী। তাঁর বাড়ি শেরপুরের নালিতাবাড়ী বলে জানা গেছে।
আহত ব্যক্তিদের মধ্যে ১০ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এবং পাঁচজনকে সম্মিলিত সামরিক হাসপাতালে পাঠানো হয়েছে।
রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনু সোহেল ইমতিয়াজ জানান, আহাদ আলীর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাসের চালক ও সহযোগী পলাতক রয়েছেন।
আহত ব্যক্তিরা জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা পাহাড়িকা পরিবহনের আশার আলো নামের বাসটি বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে রাঙামাটি সদর উপজেলার মানিকছড়ি সেতু থেকে প্রায় আধা কিলোমিটার দূরে উল্টে যায়। এতে বাসে থাকা প্রায় সব যাত্রী আহত হন।
ঘটনার পরপরই মানিকছড়ি ফাঁড়ির পুলিশ ও পার্শ্ববর্তী সেনাছাউনির সেনারা স্থানীয় লোকজনসহ উদ্ধারকাজ শুরু করেন। পরে রাঙামাটি থেকে দমকল কর্মীরা ঘটনাস্থলে যান। আহত ব্যিক্তদের প্রথমে রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ন্যূয়েন খীসা জানান, আহত ১০ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এবং পাঁচজনকে সম্মিলিত সামরিক হাসপাতালে পাঠানো হয়েছে।