রাঙামাটিতে সবজির চড়া দাম, দিশেহারা লোকজন
রাঙামাটিতে বিভিন্ন ধরনের সবজির দাম বেড়ে গেছে। এতে দিশেহারা হয়ে পড়েছে সব শ্রেণী-পেশার মানুষ।সবজিচাষি ও ব্যবসায়ীদের ভাষ্য অনুযায়ী, রাঙামাটিতে কাপ্তাই হ্রদের পানি বেড়ে অনেক সবজির খেত ডুবে গেছে। এ কারণে জেলার চাহিদার অধিকাংশ সবজি আনতে হচ্ছে চট্টগ্রামের রাঙ্গুনিয়া, রাউজানসহ বিভিন্ন এলাকা থেকে। আলু আনতে হয় মুন্সিগঞ্জ ও বগুড়া থেকে। কিন্তু সারা দেশে সবজির দাম ও পরিবহন খরচ বাড়ায় ব্যবসায়ীদের সবজি আনতে হচ্ছে বেশি দামে। এ কারণে সবজির দাম বেড়ে গেছে। গতকাল রাঙামাটি শহরের সবচেয়ে বড় কাঁচাবাজার বনরূপায় ঘুরে দেখা গেছে, ছোট মরিচের কেজি ১২৫-১৫০, আলু ২২, বেগুন ৫০-৬০, বরবটি ৬০-৭০, চিচিঙ্গা ৫০, কাঁকরোল ৬০-৮০, ঢ্যাঁড়স ৬০-৮০, শিম ৬০-৭০, পটোল ৪০-৬০, মুলা ও লাল শাক ৪০, পুঁইবিচি ও শাক ৭০-৮০, টমেটো ৯০-১০০, মারপা (জুমে উৎপাদিত এক ধরনের শসা) ৪০-৫০ টাকা কেজি এবং আদা ও হলুদের ফুল প্রতিটি এক থেকে এক টাকা ২৫ পয়সা দরে বিক্রি হচ্ছে। ব্যবসায়ী ও চাষিরা স্বীকার করেন, একমাত্র জুমের ছোট মরিচ ছাড়া প্রায় প্রতিটি সবজির দাম বেড়েছে। রাঙামাটি সরকারি কলেজের শিক্ষক ত্রিবিজয় চাকমা বলেন, ‘সবজির দাম চড়া হওয়ায় আমাদের মতো সীমিত আয়ের পরিবারগুলো চরম সংকটে পড়েছে। ঢাকা, চট্টগ্রামের মতো বড় শহরের চেয়েও রাঙামাটি শহরে কোনো কোনো সবজির দাম বেশি।’একটি সরকারি কার্যালয়ের নিম্নমান সহকারী ফরিদ উদ্দিন বলেন, ‘সবজির চড়া দামে আমাদের মতো নিম্ন আয়ের লোকজন দিশেহারা হয়ে পড়েছেন। মাসিক খরচ কাটছাঁট করে সবজি কিনে খেতে হচ্ছে।’ বনরূপা কাঁচা বাজারের সবজি ব্যবসায়ী রফিক বলেন, ‘সবজির দাম বাড়লেও আমাদের বিক্রি করতে হচ্ছে কম লাভে।’ কারণ হিসেবে তিনি বলেন, সমতলেও সবজির দাম বেড়েছে। পাশাপাশি পরিবহন খরচ বেড়েছে। ব্যবসায়ী শামসুদ্দিন বলেন, কাঁচা শাকসবজি প্রতিদিন বিভিন্ন পরিবহনে এনে বিক্রি করতে হয়। এতে অনেক সবজি নষ্ট হয়। সবকিছু মিলিয়ে কিছুটা লাভ রেখে বিক্রি করতে হয়।অপরদিকে বালুখালী ইউনিয়ন থেকে সবজি বিক্রি করতে আসা আদিবাসী চাষি পুনংচান চাকমা (৩৫) বলেন, প্রায় সব নিত্যপণ্যের দাম বেড়েছে। তাই তাঁদের উৎপাদিত সবজিও একটু বেশি দামে বিক্রি করতে হয়। অন্যথায় সংসার চলবে কীভাবে। এ ছাড়া কাপ্তাই হ্রদের পানি বাড়ায় নিচু স্থানের সব সবজির খেত ডুবে গেছে। এখন আয়ের একমাত্র সম্বল জুম খেতে উৎপাদিত সবজি।