প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি বিকৃত করে ফেসবুকে দেওয়া একটি পোস্ট শেয়ার করার অভিযোগে গতকাল শুক্রবার এক ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তার আহমদ উল্লাহ রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের প্রকৌশল শাখার অফিস সহকারী।
রাঙামাটির কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রশীদ বলেন, যুবলীগের নেতা ঝিনুক ত্রিপুরার করা একটি মামলায় আহমদ উল্লাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বলেন, গতকাল বেলা ১১টার দিকে মামলা করা হয়। পরে বেলা সাড়ে তিনটার দিকে আহমদ উল্লাহকে গ্রেপ্তার করে পুলিশ।
ঝিনুক ত্রিপুরা বলেন, ‘আমি আহমদ উল্লাহর ফেসবুক টাইম লাইনে ছবিটি দেখতে পেয়ে তা কপি করে কোতোয়ালি থানায় তথ্যপ্রযুক্তি আইনে মামলা করি।’ মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) লিমন বোস বলেন, রাঙামাটি সরকারি কলেজ সড়ক থেকে গ্রেপ্তার আহমদ উল্লাহকে থানা হেফাজতে রাখা হয়েছে।