রাঙামাটিতে সরকারি টাকায় দুই আ.লীগ নেতার সেতু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির বিলাইছড়ি ও কাউখালী উপজেলায় আওয়ামী লীগের দুজন নেতার যাতায়াতের সুবিধার্থে সরকারের ৪৩ লাখ টাকায় দুটি সেতু তৈরি করা হয়েছে। যে দুটি সড়কের নাম দিয়ে সেতু দুটি তৈরি হয়েছে, ওই নামে কোনো সড়কও নেই।ওই দুজন নেতা হলেন বিলাইছড়ি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুকুমার চক্রবর্তী ও কাউখালীর সাধারণ সম্পাদক মো. এরশাদ সরকার। তাঁদের দাবি, জনগণের চলাচলের সুবিধার্থে উপজেলা পরিষদ সেতু দুটি তৈরি করেছে।উপজেলা প্রশাসন সূত্র জানায়, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিশেষ বরাদ্দের ভিত্তিতে খাদ্য, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মাধ্যমে ‘পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে ছোট ছোট (১২ মিটার দৈর্ঘ্য পর্যন্ত) সেতু/কালভার্ট নির্মাণ’ শীর্ষক প্রকল্প নেওয়া হয়। ওই প্রকল্পের অধীনে ২০১০-১১ অর্থবছরে কাউখালী উপজেলায় ২২ লাখ টাকা ব্যয়ে এবং বিলাইছড়ি উপজেলায় ২১ লাখ টাকা ব্যয়ে দুটি সেতু নির্মিত হয়।সরেজমিনে দেখা গেছে, বিলাইছড়ি সদরের নলছড়ি এলাকার একটি ঝিরিতে নির্মিত হয়েছে ৩৯ ফুট দীর্ঘ পাকা সেতু। প্রকল্পের নাম পোস্ট অফিসপাড়া থেকে নলছড়ি সড়কে সেতু নির্মাণ। কিন্তু বাস্তবে ওই স্থানে কোনো সড়ক নেই। সেতুর পূর্ব পাশে আওয়ামী লীগের নেতা সুকুমারের পাঁচ একরের পৈতৃক পাহাড়। পাহাড়ের চারদিকে ঝিরি আর কাপ্তাই হ্রদ। তবে সেতুর পাশের একটি সিঁড়িঘাট দিয়ে যাতায়াত করে দূর-দূরান্তের কয়েকটি গ্রামের মানুষ। ওই সব লোক কাপ্তাই হ্রদের পানি বাড়লে সরাসরি নৌকায় করে সিঁড়িঘাটে আসে, তবে পানি কম থাকলে সুকুমারের পাহাড়ের পাশ দিয়ে যাতায়াত করে।হনুমানছড়া গ্রাম থেকে আসা কিষ্ট মোহন চাকমা (৪২), চন্দ্রকুমার চাকমাসহ (৩৫) কয়েকজন জানান, তাঁরা ছোটবেলা থেকে ওই এলাকা দিয়ে যাতায়াত করলেও কোনো দিন সুকুমার চক্রবর্তীর পৈতৃক পাহাড়ে ওঠেননি। কেননা ওই পাহাড়ে তাঁদের উঠতে দেওয়া হয় না। তাই সেতুটি তাঁদের এলাকার লোকজনের কাজে আসছে না।সেতুর পাশের বাসিন্দা চন্দ্র লাল চাকমা (৫৮) ও বিলাইছড়ি উচ্চবিদ্যালয়ের শিক্ষক জসিম উদ্দিন বলেন, ‘সেতুর পূর্ব পাশে সুকুমারের পারিবারিক পাহাড়ে মুরগির দুটি খামার ছাড়া আর কিছু নেই। মনে হচ্ছে, মুরগির এ খামারে যাতায়াতের জন্য সেতুটি নির্মিত হয়েছে।’যোগাযোগ করা হলে সুকুমার চক্রবর্তী জানান, ভবিষ্যতে সড়ক হবে, তাই সেতু নির্মিত হয়েছে। উপজেলা পরিষদের সভায় সেতু নির্মাণ প্রকল্প বাছাই করা হয়েছে।বিলাইছড়ি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মনিরুল ইসলাম বলেন, ‘আমাদের কাজ প্রকল্প বাস্তবায়ন করা। তার আগে প্রকল্প কোথায় হবে, সেটা বাছাই করেন জনপ্রতিনিধি ও স্থানীয় সাংসদের প্রতিনিধিরা। সেখানে আমাদের করার কিছুই নেই।’বিলাইছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়সেন তঞ্চঙ্গ্যা বলেন, ‘প্রকল্প বাছাইয়ের সভায় স্থানীয় সাংসদ ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদারের প্রতিনিধি হিসেবে উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুরেশ তঞ্চঙ্গ্যা ও সাধারণ সম্পাদক সুকুমার চক্রবর্তী উপস্থিত ছিলেন। তাঁরাই ওই সেতু নির্মাণের প্রস্তাবটি দিয়েছিলেন। মন্ত্রীর প্রতিনিধি হিসেবে তাঁদের সম্মান রক্ষা করতে হয়েছে। ওই সেতু সাধারণ জনগণের কতটুকু কাজে লাগবে, সে ব্যাপারে আমি নিশ্চিত নই।’এদিকে কাউখালী উপজেলা সদরে আওয়ামী লীগের নেতা এরশাদ সরকারের বাড়ির পশ্চিম দিকে গেছে কাঁকড়াছড়ি ঝিরি। ঝিরির উত্তর-পশ্চিমে তাঁর নার্সারি এবং দক্ষিণ-পশ্চিমে কাউখালী বাজার। মাঝখানে উপজেলা বাজার সড়ক। স্থানীয় লোকজন জানান, ঝিরির কারণে নার্সারি ও বাজারে যেতে এরশাদকে ঘুরতে হয় ৩০০ থেকে ৩৫০ গজ রাস্তা। ঝিরিতে সেতু থাকলে তাঁকে আর হাঁটতে হয় না। সে কারণে কাঁকড়াছড়ি ঝিরির ওপর নির্মিত হয়েছে ৩৯ ফুট দীর্ঘ সেতু।নাম প্রকাশ না করার শর্তে একজন সরকারি কর্মকর্তা বলেন, সেতু নির্মাণে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের নির্দেশিকা মানা হয়নি। ৩৯ ফুটের বেশি দৈর্ঘ্যের ঝিরিতে সেতু নির্মাণ করা নিষেধ। কিন্তু আওয়ামী লীগের নেতার দাপটে সেতু নির্মিত হয়েছে ৫৩ ফুট দৈর্ঘ্যের ঝিরিতে। ফলে সেতুটি রয়েছে ঝিরির মাঝখানে।এ ব্যাপারে উপজেলা পিআইও কমল বরণ সাহা স্বীকার করেন, সেতুটি ঠিক স্থানে নির্মিত হয়নি। কারণ, সেতুর দুই পাশে অন্তত সাত ফুট করে ১৪ ফুট মাটি ভরাট করতে হবে। তাতে বর্ষাকালে নেমে আসা পাহাড়ি ঢলে কাউখালী বাজার-সড়কে ভাঙন সৃষ্টি হতে পারে।পোয়াপাড়া গ্রামের অঙ্ক্য চিং মারমা, কাউখালী বাজারের মো. শামসুদ্দিনসহ কয়েকজন বলেন, ‘সেতুটি সেখানে দেওয়ার কোনো প্রয়োজন ছিল না। মূলত এরশাদের দাপটে উপজেলা পরিষদ বাধ্য হয়েছে বলে শুনেছি।’যোগাযোগ করা হলে এরশাদ সরকার অভিযোগ অস্বীকার করে বলেন, ‘সেতু তৈরির ব্যাপারে প্রথমে আমি রাজি ছিলাম না। সেতু হওয়ায় আমার অনেক জায়গা বেদখল হয়ে গেছে। এ ছাড়া নার্সারি ও বাজারে আমি মাসে এক-দুবারও যাই না। রাজনীতির সঙ্গে জড়িত থাকায় রাস্তা দিতে হয়েছে।’এরশাদ দাবি করেন, ওই সেতুর ফলে একটি প্রাথমিক বিদ্যালয় ও কাউখালী বালিকা উচ্চবিদ্যালয়ের অনেক শিক্ষার্থীর যাতায়াতে সুবিধা হবে। এ ছাড়া হাটের দিন শত শত লোক সোজা পথে বাজারে যেতে পারবে।উপজেলা চেয়ারম্যান অংচা প্রু মারমা জানান, সেতু হওয়ায় ওই সড়ক বিকল্প সড়ক হিসেবে ব্যবহার করা যাবে। তবে সামান্য ঘুরপথেও বাজারে যাওয়া যায় বলে তিনি স্বীকার করেন। সেতুর কারণে উপজেলা বাজার সড়ক ভেঙে যাওয়ার বিষয়টি চিন্তায় ছিল না বলে জানান অংচা।