রাঙামাটিতে সীমিত পরিসরে বিদ্যুৎ চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় তিন দিন পর আজ বৃহস্পতিবার রাত নয়টায় রাঙামাটি শহরে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। তবে সীমিত আকারে শহরের কয়েকটি স্থানে বিদ্যুৎ দেওয়া হয় বলে পিডিবি সূত্রে জানা গেছে।

ভয়াবহ পাহাড় ধসের আগে সোমবার মধ্যরাতে রাঙামাটি জেলার বিদ্যুৎ চলে যায়। তখন মুষলধারে বৃষ্টি হচ্ছিল। এর পর মঙ্গলবার ভোরে রাঙামাটি জুড়ে পাহাড় ধসের ঘটনা ঘটে। ঘরবাড়ির পাশাপাশি বিভিন্ন রাস্তাঘাট ও বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে। ফলে স্থায়ীভাবে বিদ্যুৎহীন হয়ে পড়ে রাঙামাটি।

রাঙামাটি-চট্টগ্রাম সড়ক ও রাঙামাটি কাপ্তাই সড়কের বিভিন্ন স্থানে খুঁটি ভেঙে দুমড়ে মুচড়ে যায়। পিডিবির কর্মীরা কাপ্তাই সড়কের বিভিন্ন স্থানে বিদ্যুতের খুঁটি পুনঃস্থাপন করে রাঙামাটিতে সীমিত আকারে বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা করেন বলে জানা গেছে।

জানতে চাইলে পিডিবির তত্ত্বাবধায়ক প্রকৌশলী দুলাল হোসেন বৃহস্পতিবার বিকেলে বলেন, বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় কী পরিমাণ ক্ষতি হয়েছে তা এখনো নির্ণয় হয়নি। তবে কাপ্তাই সড়ক দিয়ে আমরা বিদ্যুৎ আনার ব্যবস্থা করছি। এর পর রাত নয়টায় রাঙামাটি শহর আবার আলোকিত হয় বিদ্যুতের আলোয়।