রাঙামাটিতে সূর্যের হাসি স্বাস্থ্যসেবা কার্যক্রম শুরু
মা ও শিশুদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে রাঙামাটিতে ‘সূর্যের হাসি স্বাস্থ্যসেবা কার্যক্রম’ উদ্বোধন করা হয়েছে। গত বুধবার স্থানীয় সুবলং রেস্তোরাঁয় আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম উদ্বোধন করা হয়।উদ্বোধনী অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার প্রধান অতিথি ও বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি বিশেষ অতিথি ছিলেন। এতে সভাপতিত্ব করেন ইউএসএইড বাংলাদেশের মিশন ডিরেক্টর ডেনিস রলিন্স।অনুষ্ঠানে প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার বলেন, পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের মধ্যে পশ্চাদপদ অঞ্চল। এখানকার অধিকাংশ মানুষ প্রান্তিক অবস্থায় রয়েছে। পার্বত্যচুক্তির পর ইউএনডিপি, আইএলওসহ অনেক আন্তর্জাতিক সংস্থা পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে কাজ করছে। এর মধ্যে ইউএসএইড পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখছে। তিনি পার্বত্য এলাকায় সূর্যের হাসি স্বাস্থ্যসেবা কর্মসূচি বাস্তবায়নে উদ্যোগ নেওয়ায় যুক্তরাষ্ট্র সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান।বিশেষ অতিথির বক্তব্যে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত জন এফ মরিয়ার্টি বলেন, পার্বত্য চট্টগ্রামের তিনটি সূর্যের হাসি স্বাস্থ্যকেন্দ্রের মাধ্যমে খাগড়াছড়ি ও বান্দরবানে ৭৬ হাজার করে এবং রাঙামাটিতে ৮৬ হাজার মানুষ এখন থেকে শিশু ও মাতৃসেবা, পরিবার পরিকল্পনা সেবা ও প্রাথমিক স্বাস্থ্যসেবা পাবে।অনুষ্ঠানে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. হুমায়ুন কবির, পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মাসুদ আহমেদ, রাঙামাটি জেলা প্রশাসক সৌরেন্দ্রনাথ চক্রবর্তী প্রমুখ বক্তব্য দেন।