রাঙামাটিতে সেনাবাহিনীর বিনা মূল্যে চিকিৎসাসেবা
সেনাবাহিনীর রাঙামাটি অঞ্চলের উদ্যোগে এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সন্ধানী, চট্টগ্রাম লায়ন্স ক্লাব ও রাঙামাটি জেনারেল হাসপাতালের সহযোগিতায় গতকাল শুক্রবার রাঙামাটিতে প্রায় দুই হাজার পাহাড়ি-বাঙালি রোগীকে বিনা মূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। রাঙামাটি সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করেন সেনাবাহিনীর রাঙামাটি অঞ্চলের অধিনায়ক ব্রিগেডিয়ার জেনারেল মো. সরোয়ার হোসেন। এ সময় উপস্থিত ছিলেন রাঙামাটি সরকারি কলেজের অধ্যক্ষ বাঞ্চিতা চাকমা।উদ্বোধনী অনুষ্ঠানে ব্রিগেডিয়ার জেনারেল মো. সরোয়ার হোসেন বলেন, উন্নয়নের জন্য শান্তি-সম্প্রীতি বজায় রাখতে হবে। সম্প্রতি রাঙামাটি শহরে যে সহিংস ঘটনা ঘটেছে তা অনভিপ্রেত। ভবিষ্যতে সাম্প্রদায়িক সম্প্রীতি যেন কোনো অবস্থায় বিনষ্ট না হয়, সে ব্যাপারে পাহাড়ি-বাঙালি সবাইকে সচেতন থাকতে হবে।চিকিৎসা ক্যাম্পে ১৯ জন বিশেষজ্ঞ চিকিৎসক দন্ত, চক্ষু, নাক-কান-গলা, হূদেরাগ স্ত্রী ও শিশুরোগ এবং ঠোঁট ও তালু কাটা প্রায় দুই হাজার রোগীকে চিকিৎসা দেন। এর মধ্যে যাদের আরও উন্নত চিকিৎসা প্রয়োজন, তারা স্থানীয় রাঙামাটি সেনা জোনে যোগাযোগ করে চিকিৎসাসেবা নিতে পারবে বলে সেনা কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে।