রাঙামাটিতে সড়ক দুর্ঘটনায় বাবা মেয়েসহ নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নে চট্টগ্রাম-রাঙামাটি সড়কে অটোরিকশার সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাবা-মেয়েসহ তিনজন নিহত ও তিনজন আহত হয়েছে। নিহত ব্যক্তিরা হলেন, রাঙামাটির লংগদু উপজেলার বামে আটারকছড়া গ্রামের পূর্ণ বিকাশ চাকমা (৪০), তাঁর মেয়ে বিথিকা চাকমা (৮) ও কাউখালী উপজেলার টিটু দে (২০)। আহত ব্যক্তিরা হলেন, নিহত পূর্ণ বিকাশ চাকমার স্ত্রী সুবর্ণা চাকমা (৩৫), রাঙামাটির জেনারেল হাসপাতাল এলাকার আরিফুল (১৮) ও অটোরিকশার চালক আনোয়ার হোসেন (২২)।আহত ব্যক্তিরা জানান, সকালে চট্টগ্রামের অক্সিজেন এলাকা থেকে অটোরিকশা ভাড়া করে তাঁরা রাঙামাটির উদ্দেশে রওনা দেন। দুপুর ১২টার দিকে কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের চম্পাতলী এলাকার ঘাগড়া সেনাক্যাম্পের ক্যান্টিন পার হওয়ার পরপরই ফুরামোন পাহাড়ের মোড়ে বিপরীত দিক থেকে আসা খালি ট্রাক মুখোমুখি ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি কয়েক ফুট দূরে ছিটকে পড়ে। ঘটনাস্থলেই টিটু দে ও শিশু বিথিকা চাকমা মারা যায়। গুরুতর আহত অবস্থায় রাঙামাটি জেনারেল হাসপাতালে আনার কিছুক্ষণ পর পূর্ণ বিকাশ চাকমা মারা যান।এদিকে ঘটনার পরপরই সেনাবাহিনীর ঘাগড়া ক্যাম্পের সদস্যরা চালক হাবিবুর রহমানকে ট্রাকসহ আটক করেন। পরে সেনা সদস্যরা ট্রাক ও চালককে কাউখালী থানার পুলিশের হাতে হস্তান্তর করেন।